সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে অংশ নিতে না পারার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
মঙ্গলবার(১৭ মার্চ) মিরপুরে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশ কেন বিশ্বকাপে অংশ নিতে পারেনি, সেখানে কোনো কূটনৈতিক ব্যর্থতা ছিল কি না এসব বিষয় খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হবে।
ক্রীড়া প্রতিমন্ত্রী আরও জানান, বিশ্বকাপে অংশ না নেওয়ার ফলে সৃষ্ট কূটনৈতিক জটিলতা নিরসনে সরকারের পক্ষ থেকে দ্রুত উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে ক্রীড়াসহ সব ক্ষেত্রে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
বিশ্লেষকদের মতে, পুরো বিষয়টি বাংলাদেশের ক্রীড়া কূটনীতির একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করে ভবিষ্যতে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণে নতুন দিকনির্দেশনা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশ দল এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আয়োজক দেশ ভারত যেতে অস্বীকৃতি জানায়। বিকল্প হিসেবে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে আয়োজনের প্রস্তাব দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সদস্য দেশগুলোর ভোটাভুটিতে সেই প্রস্তাব প্রত্যাখ্যাত হয়।
ভোটাভুটিতে কেবল পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশের পক্ষে অবস্থান নেয় বলে জানা গেছে। ফলে বাংলাদেশ অংশ না নেওয়ায় তাদের জায়গায় স্কটল্যান্ড বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পায়।
বিশ্বকাপ চলাকালে অন্য দলগুলো যখন মাঠে প্রতিদ্বন্দ্বিতায় ব্যস্ত ছিল, তখন বাংলাদেশে আয়োজন করা হয় স্থানীয় টি-টোয়েন্টি লিগ, যা নিয়ে ক্রিকেট অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
আরটিভি/এসকে




