অবশেষে দেশে ফিরেছেন আশ্রয়ের আবেদন প্রত্যাহার করা ইরানি খেলোয়াড়রা 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ০৯:৪৫ পিএম


অবশেষে দেশে ফিরেছেন আশ্রয়ের আবেদন প্রত্যাহার করা ইরানি খেলোয়াড়রা 
ছবি: সংগৃহীত

সম্প্রতি অস্ট্রেলিয়ায় আশ্রয় চেয়েছিলেন ইরানের নারী ফুটবল দলের পাঁচ সদস্য। তবে নাটকীয়ভাবে সিদ্ধান্ত বদল করেছেন তারা। জাতীয় দলের সঙ্গে বুধবার তুরস্ক সীমন্ত পার হয়ে নিজ দেশ ইরানের মাটিতে পা রেখেছেন তারা।

বিজ্ঞাপন

মূলত চলতি মাসের শুরুতে নারী এশিয়ান কাপের একটি ম্যাচে কয়েকজন খেলোয়াড় জাতীয় সঙ্গীত না গাওয়ায় তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। ওই সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা শুরু করে। 

জাতীয় সঙ্গীত না গাওয়ার ঘটনায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন তাদের ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দেয়। তার পরই নিরাপত্তা শঙ্কায় ভুগতে থাকেন আশ্রয়প্রার্থীরা। পরে অবশ্য সেই আবেদন প্রত্যাহার করে নিজ দেশে ফেরার সিদ্ধান্ত নেন পাঁচজন।

বিজ্ঞাপন
আরও পড়ুন

ইরান জাতীয় নারী দলটি মঙ্গলবার ইস্তাম্বুলে পৌঁছানোর পর বুধবার সকালে তুরস্কের পূর্বাঞ্চলের ইগদিরে উড়োজাহাজে পৌঁছায়। ইগদির বিমানবন্দর থেকে খেলোয়াড়রা লাগেজ হাতে বেরিয়ে টার্মিনালের সামনে কিছুক্ষণ কথা বলেন। 

পরে তারা সীমান্তের উদ্দেশ্যে একটি বাসে ওঠেন। বাস ছাড়ার আগে তাদের একজন সংক্ষিপ্তভাবে হাসি দিয়ে টেলিভিশন ক্যামেরার দিকে হাত নেড়ে অভিবাদন জানান। প্রায় দুই ঘণ্টার যাত্রা শেষে তারা গুরবুলাক সীমান্ত চৌকিতে পাসপোর্ট সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করে ইরানে প্রবেশ করেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্যেই দলটির এশিয়ান কাপ অভিযান শুরু হয়েছিল। সেই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। আর ইরান এক সপ্তাহেরও বেশি সময় আগে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।

গত সপ্তাহে সিডনি ছাড়ার পর দলটি কুয়ালালামপুরে অবস্থান করছিল। সেখানেই আশ্রয়প্রার্থীরা দলের বাকিদের সঙ্গে যোগ দেন। ইরান ফুটবল ফেডারেশন জানিয়েছে, যারা সিদ্ধান্ত পরিবর্তন করেছেন, তারা দলের অন্য সদস্যদের সঙ্গে দেশে ফিরবেন। 

যাতে তারা আবারও পরিবারের সান্নিধ্যে ফিরতে পারেন। তবে দলের দুই খেলোয়াড় এখনও অস্ট্রেলিয়ায় রয়েছেন। স্থানীয় এ-লিগ ক্লাবের সঙ্গে তাদের অনুশীলন করতে দেখা গেছে।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission