সাউথ এশিয়ান ইয়ুথ টিটিতে সোনা জিতল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ , ১০:৩৫ এএম


সাউথ এশিয়ান ইয়ুথ টিটিতে সোনা জিতল বাংলাদেশ
বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বালক দল। ছবি: সংগৃহীত

সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল  টেনিস চ্যাম্পিয়নশিপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সোনার পদক জিতেছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বালক দল। একই সঙ্গে অনূর্ধ্ব-১৫ বালক দল ব্রোঞ্জ পদক অর্জন করেছে।

এই সাফল্যের ফলে বাংলাদেশ দল আগামী ২১ থেকে ২৭ জুন ২০২৬ ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিতব্য আইটিটিএফ-এটিটিইউ এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।

ভারতের শিমলাতে গ্রুপ পর্বে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপাল সমান ৫ পয়েন্ট অর্জন করলেও সেট ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষস্থান দখল করে বাংলাদেশ।

আরও পড়ুন

গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ ৩-১ সেটে শক্তিশালী শ্রীলঙ্কাকে পরাজিত করে। ম্যাচের শুরুতে আবুল হাসেম হাসিব ২-৩ গেমে পরাজিত হলেও পরবর্তীতে ঘুরে দাঁড়ায় দল। নাফিজ ইকবাল ৩-০ ব্যবধানে জয় পান, জয় ইসলামও ৩-০ গেমে জয়লাভ করেন।

শেষ ম্যাচে দলের অধিনায়ক নাসিফ ইকবাল ৩-১ গেমে জয় নিশ্চিত করে স্বর্ণপদক নিশ্চিত করেন। নাফিজ ইকবাল মাত্র ২টি খেলায় ৩য় খেলোয়াড় হিসেবে খেলে দুটি খেলাতে ৩-০ গেমে জয়লাভ করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ এম মাকসুদ আহমেদ সনেট অনুর্ধ্ব-১৯ বালক দলের এই অর্জনে সন্তোাষ প্রকাশ করে বলেন, এ সাফল্য দলের খেলোয়াড়, কোচ, ম্যানেজার, কর্মকর্তা, স্পন্সর, জাতীয় ক্রীড়া পরিষদ, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং ক্রীড়াবান্ধব সরকারের সম্মিলিত প্রচেষ্টার ফল।

তিনি আরও জানান, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে ৭ হাজার ফুট উচ্চতা ও ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খেলতে গিয়ে শুরুতে সমস্যা হলেও খেলোয়াড়রা দ্রুত মানিয়ে নেয়।

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, পর্যাপ্ত ফান্ডের অভাবে দলকে দিল্লি থেকে প্রায় ১০ ঘণ্টা সড়কপথে ভ্রমণ করে টুর্নামেন্টের আগের দিন শিমলায় পৌঁছাতে হয়েছে। আগে পৌঁছাতে পারলে ফল আরও ভালো হতে পারত।

অন্যদিকে, অনূর্ধ্ব-১৫ বালক দল নেপালকে ৩-১ ও মালদ্বীপকে ৩-০ সেটে হারালেও শ্রীলঙ্কা ও ভারতের কাছে হেরে ব্রোাঞ্জ পদক অর্জন করে। দলের এক সদস্য ভিসা জটিলতায় অংশ নিতে না পারায় দলকে অতিরিক্ত খেলোয়াড় ছাড়াই খেলতে হয়েছে।

অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-১৫ বালিকা দল প্রত্যাশা অনুযায়ী ফল করতে পারেনি এবং সবগুলো ম্যাচে পরাজিত হয়েছে।

উল্লেখ্য, গত বছর বাংলাদেশ এই প্রতিযোগিতায় ৭টি ব্রোঞ্জ পদক অর্জন করেছিল। এবার দলটি ১টি সোনা ও ১টি ব্রোাঞ্জ পদক জিতেছে। আগামী শুক্র ও শনিবার একক, দ্বৈত ও মিশ্র দ্বৈত ইভেন্টের খেলা অনুষ্ঠিত হবে।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission