আর্জেন্টিনা জাতীয় দলের তারকা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ চোটে পড়েছেন। তার ডান হাতের রিং ফিঙ্গারে ছোট একটি ফ্র্যাকচার ধরা পড়েছে। তবে স্বস্তির খবর হলো, ২০২৬ বিশ্বকাপ শুরুর আগেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে।
আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার হয়ে ফ্রাইবুর্গের বিপক্ষে ইউরোপা লিগ ফাইনালের আগে ওয়ার্ম-আপ চলাকালে চোট পান মার্তিনেজ। এরপরও তিনি ম্যাচ খেলেন এবং তার দল ৩-০ গোলের জয় নিয়ে শিরোপা জেতে।
ম্যাচ শেষে ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে মার্তিনেজ বলেন, আজ ওয়ার্ম-আপেই আমার আঙুল ভেঙেছে। তবে জীবনে সবকিছুরই ইতিবাচক দিক থাকে। আমি সবসময় এমন পরিস্থিতির সঙ্গে লড়াই করেছি।
পরবর্তীতে মেডিকেল পরীক্ষায় তার আঙুলে ছোট ফ্র্যাকচার ধরা পড়ে। তবে চিকিৎসকদের মতে, অস্ত্রোপচারের প্রয়োজন হবে না। প্রায় ২০ দিনের মধ্যেই তিনি মাঠে ফিরতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।
গত কয়েক বছরে আর্জেন্টিনা ফুটবল দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় হয়ে উঠেছেন মার্তিনেজ। বিশেষ করে ২০২২ বিশ্বকাপ জয়ে তার অবদান ছিল গুরুত্বপূর্ণ। তাই বিশ্বকাপের আগে তার চোট নিয়ে কিছুটা উদ্বেগ তৈরি হলেও কোচিং স্টাফ আশাবাদী, আসরের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন তিনি।
চোটের কারণে আর্জেন্টিনার আসন্ন দুটি প্রীতি ম্যাচ মিস করতে পারেন মার্তিনেজ। আগামী ৬ জুন টেক্সাসের কাইল ফিল্ডে হন্ডুরাসের বিপক্ষে এবং ৯ জুন আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে বিশ্বকাপে খেলবে। গ্রুপ জে-তে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। ১৬ জুন কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে লিওনেল স্কালোনির দল।
আরটিভি/এসকে



