সাম্প্রতিক সময়টা খুব একটা ভালো যাচ্ছে না আর্সেনালের জন্য। ইতোমধ্যে এফএ কাপ থেকে বিদায় নিয়েছে, আর লিগ কাপের ফাইনালে সিটির কাছে হেরেছে। তার উপর প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে হারের ধাক্কাও এখনও কাটিয়ে উঠতে পারেনি দলটি।
তবে এর মাঝেই চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালে স্পোর্টিংয়ের বিপক্ষে লড়াই করেছে গানাররা। এতে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে তারা।
বুধবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে এমিরেটস স্টেডিয়ামে স্পোর্টিংয়ের বিপক্ষে গোলশূন্য ড্র করে আর্সেনাল। তবে প্রথম লেগে পাওয়া ১-০ গোলের জয়ই তাদের টিকিট নিশ্চিত করেছে শেষ চারে।
ম্যাচের আগে কোচ মিকেল আর্তেতা খেলোয়াড়দের আক্রমণাত্মক ও নির্ভীক ফুটবল খেলতে উৎসাহ দিলেও, মাঠে তার প্রতিফলন খুব একটা দেখা যায়নি। বরং শুরু থেকেই কিছুটা অগোছালো মনে হয়েছে গানারদের। বিশেষ করে দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় সাকা ও ওডেগার্ড ইনজুরির কারণে না থাকায় আক্রমণভাগে ধার কমে যায় স্পষ্টভাবেই।
এই সুযোগটা কাজে লাগাতে চেষ্টা করে স্পোর্টিং। মাঝমাঠে বল দখল এবং দ্রুত আক্রমণে তারা বারবার চাপে ফেলে আর্সেনাল রক্ষণকে। ম্যাচের সবচেয়ে বড় সুযোগটি আসে কাতামোর পায়ে—তার জোরালো শট পোস্টে লেগে ফিরে না এলে ফল ভিন্নও হতে পারতো। এছাড়া আর্সেনাল গোলরক্ষক রায়ার একটি ভুলও দলকে বিপদে ফেলেছিল, যদিও শেষ পর্যন্ত তা বড় ক্ষতির কারণ হয়নি।
তবে সামনে অপেক্ষা করছে বড় চ্যালেঞ্জ। প্রিমিয়ার লিগে শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি। আর চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে আর্সেনাল মুখোমুখি হবে অ্যাথলেটিকো মাদ্রিদের।
গ্রুপ পর্বে স্প্যানিশ দলটিকে ৪-০ গোলে হারানোর স্মৃতি থাকলেও, বাস্তবতা ভিন্ন। ২০০৬ সালের পর প্রথমবার ফাইনালে উঠতে হলে আর্সেনালকে আরও আক্রমণাত্মক ফুটবল খেলতেই হবে।
আরটিভি/এসআর



