মিরপুরে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দর্শকদের উপস্থিতি বেশি না হলেও ভিন্ন চিত্র দেখা গেছে তৃতীয় টি-টোয়েন্টিতে। এদিন স্টেডিয়ামের প্রতিটি গ্যালারিতেই ছিল দর্শকদের ভিড়। আর এই জন্য দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন টাইগার অধিনায়ক লিটন কুমার দাস।
শনিবার (২ মে) পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন বলেছেন, থ্যাংকিউ (দর্শকদের)। অনেক দিন পরে মাঠটা ভালো লেগেছে, আপনারা এসেছেন। আশা করি পরেরবার আসলে আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমরা আপনাদের হাসিমুখে বিদায় দিতে পারব।
এদিন আগে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। খেলার মাঝপথে নামে বৃষ্টি। কার্টেল ওভারে খেলা নেমে আসে ১৫ ওভারে। আগে ব্যাট করা বাংলাদেশের ইনিংসে ধস নামে বৃষ্টির পর। ১০২ রানেই থেমেছে টাইগাররা।
এই রান ২০ বল এবং ৬ উইকেট হাতে রেখে হেসেখেলে পেরিয়ে যায় নিউজিল্যান্ড। ফিফটি হাঁকিয়ে ৩১ বলে ৬২ রানের ক্যারিয়ারসেরা ইনিংস খেলে দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন বেভন জ্যাকস। তবে ভালো বোলিং করেছেন শরিফুল ইসলাম।
এছাড়া ৩ উইকেট তোলা শরিফুল ইসলামের বোলিং নিয়ে লিটন বলেন, হ্যাঁ অবশ্যই, দুর্দান্ত ছিল। প্রতিদিন না হলেও সে যদি এভাবে বল করে যেতে পারে বাংলাদেশের জন্য অনেক ভালো হবে।
আরটিভি/এসআর



