আসন্ন নারী সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে থাইল্যান্ডে প্রস্তুতি ক্যাম্প করার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। ইতোমধ্যে এই টুর্নামেন্টের প্রস্তুতির জন্য আজ সকালে ইউএস বাংলার ফ্লাইটে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন ঋতুপর্ণারা।
এই ক্যাম্পের জন্য ৩২ জনকে বেছে নেওয়া হলেও ভিসা জটিলতায় ৯ জন বিমানে উঠতে পারেননি। এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ নারী দলের ম্যানেজার খালিদ মাহমুদ নওমী।
তিনি বলেন, দুই গোলরক্ষক মিলি আক্তার ও রুপনা চাকমা এবং কোচিং স্টাফ-কর্মকর্তা সহ মোট ৯ জন ভিসা না পাওয়ায় আজ রওনা হতে পারেননি। ফেডারেশন থাই দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছে। আজ ভিসা হলে আগামীকালই বাকি সদস্যরা রওনা হবে।
বাংলাদেশ নারী দলের হেড কোচ ব্রিটিশ কোচ পিটার বাটলার ও ফিটনেস কোচ অস্ট্রেলিয়ান ক্যামরন লর্ড। তাদের ইংল্যান্ড ও আমেরিকার পাসপোর্ট থাকায় থাইল্যান্ডে ভিসার প্রয়োজন হয় না। বাংলাদেশের ফুটবলার আনিকার সুইডিশ পাসপোর্ট থাকায় তারও ভিসার প্রয়োজন নেই।
বাংলাদেশ নারী দল থাইল্যান্ডে অবস্থান করবে ২১ মে পর্যন্ত। এরপর ভারতের গোয়ায় রওনা হবেন তারা। এই দুই সপ্তাহ সেখানে দুটি ক্লাবের সঙ্গে দুটি ম্যাচ খেলবে বাংলাদশের মেয়েরা।
সাফে দুইবার অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন ঋতুপর্ণারা। এবার বাংলাদেশের হ্যাটট্রিক মিশন। তাই অধিক গুরুত্ব দিয়েই অনুশীলনের জন্য নারী দলকে থাইল্যান্ডে পাঠাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
আরটিভি/এসআর




