অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী জার্মান তারকা লুকাস পোডলস্কি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৩ মে ২০২৬ , ১০:৪৪ এএম


অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী জার্মান তারকা লুকাস পোডলস্কি
লুকাস পোডলস্কি। ছবি: সংগৃহীত

২০১৪ বিশ্বকাপজয়ী জার্মান ফরোয়ার্ড লুকাস পোডলস্কি অবশেষে পেশাদার ফুটবলকে বিদায় জানাচ্ছেন। শুক্রবার (২২ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় নিজের অবসরের ঘোষণা দেন এই কিংবদন্তি ফুটবলার। চলতি গ্রীষ্মেই বুট জোড়া তুলে রাখবেন তিনি।

বর্তমানে পোল্যান্ডের ক্লাব গোরনিক জাব্রজের অধিনায়ক হিসেবে খেলছিলেন পোডলস্কি। সম্প্রতি দলটিকে দীর্ঘ প্রতীক্ষিত পোলিশ কাপ জেতানোর পাশাপাশি ক্লাবটির মালিকানাও গ্রহণ করেছেন তিনি। ফলে তার অবসরের গুঞ্জন আগে থেকেই ছিল।

সামাজিক মাধ্যমে দেয়া বার্তায় পোডলস্কি লেখেন, একটি অধ্যায় শেষ হচ্ছে, নতুন এক যুগ শুরু হচ্ছে। শনিবার রাদোমিয়াক রাদোমের বিপক্ষে ম্যাচটিই হবে তার ক্যারিয়ারের শেষ ম্যাচ। 

বিদায়ী ভিডিওতে নিজের ক্যারিয়ারে খেলা প্রতিটি ক্লাবের জার্সি সাজিয়ে রাখেন পোডলস্কি। এরপর স্বভাবসুলভ শান্ত ভঙ্গিতে বলেন, ঠিক আছে, আজকের কাজ শেষ।

এদিকে গোরনিক জাব্রজে ক্লাবও আবেগঘন বার্তায় জানায়, সবকিছুর জন্য ধন্যবাদ, পোলদি। নতুন ভূমিকায় শুভকামনা।

দুর্দান্ত বাঁ-পায়ের শট ও সহজ-সরল ব্যক্তিত্বের জন্য সমর্থকদের কাছে দারুণ জনপ্রিয় ছিলেন পোডলস্কি। জার্মান জাতীয় দলের হয়ে ১৩০ ম্যাচে ৪৯ গোল করেছেন তিনি। দেশের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তার অবস্থান তৃতীয়। তার ওপরে রয়েছেন মিরোস্লাভ ক্লোজে (৭১ গোল) এবং জার্ড মুলার (৬৮ গোল)।

কোলনের যুব একাডেমিতে ফুটবল ক্যারিয়ার শুরু করা পোডলস্কি ২০০৩ সালে পেশাদার অভিষেক করেন। পরে বায়ার্ন মিউনিখ-এর হয়ে বুন্দেসলিগা ও জার্মান কাপ জেতেন। এছাড়া আর্সেনাল, ইন্টার মিলান, গালাতাসারাই, ভিসেল কোবে এবং আনতালিয়াসপোর-এর জার্সিতেও খেলেছেন তিনি।

আরও পড়ুন

দীর্ঘ ক্যারিয়ারের শেষদিকে এসে গোরনিক জাব্রজে-এর হয়ে ঘরোয়া কাপ জয়ের মাধ্যমে জার্মানি, ইংল্যান্ড, তুরস্ক ও জাপানের পর পোল্যান্ডেও শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করেন এই বিশ্বকাপজয়ী তারকা।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission