ফিফা বিশ্বকাপ ২০২৬

নেইমারের জন্য ১০ নম্বর ছাড়তে প্রস্তুত ভিনিসিয়ুস

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৬ মে ২০২৬ , ০৯:৫১ পিএম


নেইমারের জন্য ১০ নম্বর ছাড়তে প্রস্তুত ভিনিসিয়ুস
নেইমার জুনিয়র ও ভিনিসিয়ুস জুনিয়র। ছবি: সংগৃহীত

ব্রাজিলের ১০ নম্বর জার্সি শুধু একটি নম্বর নয়, এটি এক ধরনের উত্তরাধিকার। পেলে, জিকো, রিভালদো, রোনালদিনহোদের ছোঁয়ায় এই জার্সি হয়ে উঠেছে ফুটবল ইতিহাসের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতীকগুলোর একটি। সেই জার্সি নিয়ে ২০২৬ বিশ্বকাপের আগে আলোচনা যখন তুঙ্গে, তখন নিজের অবস্থান পরিষ্কার করলেন ভিনিসিয়ুস জুনিয়র।

রিয়াল মাদ্রিদ তারকা জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপে তিনি কোন নম্বর পরবেন, তা এখনও জানেন না। তবে ব্রাজিলের ১০ নম্বর জার্সি নেইমারেরই হওয়া উচিত বলে মনে করেন তিনি।

ব্রাজিলিয়ান ইউটিউব চ্যানেল CazeTV-কে দেওয়া সাক্ষাৎকারে ভিনিসিয়ুস বলেন, ‘বিশ্বকাপে আমি কোন নম্বর পরব জানি না, কিন্তু ১০ নম্বর নেইমারের, এটা পরিষ্কার।’

২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে গুরুতর হাঁটুর চোটে পড়ার পর দীর্ঘ সময় ব্রাজিল দলের বাইরে ছিলেন নেইমার। তার অনুপস্থিতিতে কখনও রাফিনিয়া, কখনও ভিনিসিয়ুস ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরেছেন। তবে নেইমার বিশ্বকাপ দলে ফেরার পর জার্সি নম্বর নিয়ে নতুন আলোচনা শুরু হয়।

কার্লো আনচেলত্তির ২০২৬ বিশ্বকাপ দলে নেইমারের অন্তর্ভুক্তি ব্রাজিল ফুটবলে বড় আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘ চোট-সংগ্রামের পর সান্তোস ফরোয়ার্ডের দলে ফেরা যেমন আবেগের, তেমনি তার ফিটনেস নিয়েও প্রশ্ন আছে। রয়টার্স জানিয়েছে, সম্প্রতি কাফ ইনজুরিতে পড়লেও নেইমার ব্রাজিলের বিশ্বকাপ ক্যাম্পে যোগ দেওয়ার জন্য সময়মতো সেরে উঠবেন বলে আশা করা হচ্ছে।

নেইমার ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। ১২৮ ম্যাচে তার গোল ৭৯টি। দীর্ঘ সময় ধরে তিনিই ছিলেন ব্রাজিলের আক্রমণভাগের মুখ, আর ১০ নম্বর জার্সি তার পরিচয়ের বড় অংশ হয়ে উঠেছিল। তাই তার প্রত্যাবর্তনের পর এই জার্সি নিয়ে আবেগ তৈরি হওয়াটা স্বাভাবিক।

আরও পড়ুন

অন্যদিকে ভিনিসিয়ুস এখন ব্রাজিলের বর্তমান ও ভবিষ্যতের অন্যতম বড় মুখ। রিয়াল মাদ্রিদে নিজেকে বিশ্বসেরা ফরোয়ার্ডদের কাতারে তোলার পর জাতীয় দলেও তার কাধে প্রত্যাশার ভার বেড়েছে। নেইমারের অনুপস্থিতিতে ১০ নম্বর জার্সি পরলেও ভিনিসিয়ুসের এই মন্তব্য ব্রাজিল দলে সিনিয়র তারকার প্রতি তার শ্রদ্ধার বার্তাই দিচ্ছে।

তবে এখনই চূড়ান্তভাবে বলা যাচ্ছে না, বিশ্বকাপে কে কোন নম্বর জার্সি পরবেন। কারণ, ব্রাজিলের স্কোয়াড নম্বর আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। কয়েক দিন আগে ভিনিসিয়ুস ১০ নম্বর এবং নেইমার ১৩ নম্বর পরবেন, এমন গুঞ্জন ছড়ালেও সেটি আনুষ্ঠানিক তথ্য হিসেবে নিশ্চিত হয়নি।

২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের অভিযান শুরু হবে ১৩ জুন মরক্কোর বিপক্ষে। গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড। এর আগে পানামা ও মিসরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল।

আরটিভি/ এসকেডি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission