পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৩ জুন ২০২৬ , ০৮:৩৪ এএম


পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল অস্ট্রেলিয়া
ছবি: সংগৃহীত

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প ছিল না অস্ট্রেলিয়ার সামনে। ব্যাট হাতে বড় সংগ্রহ গড়তে না পারলেও দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে ৪১ রানে হারিয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে সফরকারীরা। 

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাট করে ৯ উইকেটে ২৩১ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ইনিংসের প্রথম বলেই উইকেট হারানোর ধাক্কা সামলে দলকে এগিয়ে নেন অধিনায়ক জশ ইংলিস ও ক্যামেরন গ্রিন। ইংলিস ৭৪ বলে ৫১ এবং গ্রিন ৯২ বলে সর্বোচ্চ ৫৩ রান করেন। এছাড়া ম্যাট রেনশ ৪৩ ও অলিভার পিকে ৩১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।

পাকিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন শাহিন শাহ আফ্রিদি, তিনি নেন ৩ উইকেট। হারিস রউফ, আরাফাত মিনহাস ও আবরার আহমেদ দুটি করে উইকেট শিকার করেন।

২৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। অষ্টম ওভারের মধ্যে ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। এরপরও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। ৭৮ রানে ৬ উইকেট হারানোর পর আরাফাত মিনহাসকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়েন শাদাব খান।

শাদাব ১০৪ বলে ৭১ রানের লড়াকু ইনিংস খেললেও দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি। তার ইনিংসে ছিল ১টি চার ও ৩টি ছক্কা। মিনহাস ৩৩ এবং গাজী ঘোরি ৩৭ রান করেন। শেষদিকে দ্রুত উইকেট হারিয়ে ৪৪ ওভারে ১৯০ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।

আরও পড়ুন

অস্ট্রেলিয়ার হয়ে নাথান এলিস ৪টি এবং ম্যাথু শর্ট ৩টি উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপে ধস নামান।

এই জয়ে তিন ম্যাচের সিরিজ ১-১ সমতায় এসেছে। আগামীকাল লাহোরে অনুষ্ঠিত হবে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডে। পাকিস্তান সফর শেষে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। ৯ জুন শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission