ম্যাক্সিমিলিয়ানো আরোহোর গোলে অবশেষে গোলের দেখা পেল উরুগুয়ে। ৮০ মিনিটে পাওয়া এই গোলে সৌদি আরবের বিপক্ষে ১–১ গোলে সমতা ফেরাল দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
গত বিশ্বকাপে প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছিল সৌদি আরব। এবার লাতিন আমেরিকার আরেক পরাশক্তি উরুগুয়ের বিপক্ষে প্রথমে এগিয়ে গিয়েছিল সৌদি আরব। সেই লিড ধরে রাখতে পারেনি। তবে উরুগুয়ের মুহুর্মুহু আক্রমণ ঠেকিয়ে হার ঠিকই এড়িয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি।
মিয়ামি স্টেডিয়ামে উরুগুয়ের দাপুটে খেলা ম্যাচে ১-১ ড্র নিয়ে মাঠ ছেড়েছে সৌদি আরব। ফলে পয়েন্ট ভাগাভাগি করেছে দুই দল।
শক্তিমত্তায় এগিয়ে থাকা দলের জন্য হতাশার এক রাতই গেলো! স্পেনকে রুখে গোলশূন্য দিলো কেপ ভার্দে। মিসরের সঙ্গে ড্র করলো বেলজিয়াম। এবার সৌদি আরব ড্র করলো উরুগুয়ের সাথে।
মিয়ামি স্টেডিয়ামে প্রথমার্ধে প্রায় সমানে সমান লড়াই হয়েছে। অবশ্য প্রথম ১০ মিনিটে নিয়ন্ত্রণ ছিল উরুগুয়ের হাতেই। ৩০তম মিনিটে প্রথম বড় সুযোগ পায় উরুগুয়ে। তবে ফেদেরিকো ভিনাসের ডাইভিং হেড দারুণ দক্ষতায় হাত দিয়ে ক্রসবারের ওপরে বের করে দেন সৌদি গোলরক্ষক আল ওয়াইজ।
ম্যাচের ৪১ মিনিটে এগিয়ে যায় সৌদি আরব। কর্নার থেকে চমৎকার বল ভাসিয়ে দেন আল জুয়াইর। বলটি পেছনের পোস্টে থাকা আবদুলহামিদের কাছে পৌঁছায়। সেখান থেকে তিনি শক্তিশালী শট নেন উরুগুয়ের গোলরক্ষক মুসলেরার দিকে। মুসলেরা প্রথম শটটি ঠেকাতে সক্ষম হলেও বল পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি।
সুযোগ বুঝে দ্রুত বলের কাছে পৌঁছে যান আল আমরি। রিবাউন্ড থেকে সহজ টোকায় বল জালে পাঠিয়ে সৌদি আরবকে মূল্যবান লিড এনে দেন তিনি। দুর্দান্ত কর্নার রুটিন এবং আল আমরির ক্ষিপ্রতায় গোল করে ম্যাচে ১-০ ব্যবধানে এগিয়ে যায় সৌদি আরব।
দ্বিতীয়ার্ধের পুরোটাই বলতে গেলে খেলেছে উরুগুয়ে। একের পর এক আক্রমণ করেই গেছে। তবে সৌদি গোলরক্ষক আর রক্ষণে বারবার আটকে যাচ্ছিল আক্রমণগুলো।
অবশেষে ৮০ মিনিটে এসে ডেডলক ভাঙেন ম্যাক্সিমিলিয়ানো আরোহো।
আরটিভি/এসএস



