বিশ্বকাপের মাঝে অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২০ জুন ২০২৬ , ০৬:০০ পিএম


বিশ্বকাপের মাঝে অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি
বিশ্বকাপের মাঝে অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি। ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলের জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসি আবারও আলোচনার কেন্দ্রে। ২০২৬ বিশ্বকাপে ইতিহাস গড়ে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ষষ্ঠ বিশ্বকাপে অংশ নেওয়ার কীর্তি গড়েছেন তিনি। আর সেই মঞ্চেই ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করে অবসরের ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে দলকে ৩-০ গোলের জয় এনে দেন মেসি। ম্যাচটিতে বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকও করেন তিনি। চার দিন পর ৩৯ বছরে পা দিতে যাওয়া এই তারকার সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন তিনি কি ২০৩০ বিশ্বকাপেও খেলবেন?

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ওলে-কে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে স্পষ্ট জবাব দিয়েছেন মেসি। ২০৩০ বিশ্বকাপে খেলার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, না। এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। 

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে সর্বোচ্চ পর্যায়ে নিজেকে ধরে রাখার রহস্যও জানিয়েছেন মেসি। তার ভাষায়, ফুটবলই তার জীবনের কেন্দ্রবিন্দু। নিয়মিত প্রতিযোগিতা, কঠোর পরিশ্রম এবং নিজেকে সর্বোচ্চ ফিট রাখা তাকে এখনো সেরাদের কাতারে রেখেছে।

মেসি বলেন, আমি সবসময় ফুটবলের মধ্যেই বেঁচে থেকেছি। প্রতিযোগিতা করেছি, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। শারীরিকভাবে নিজেকে প্রস্তুত রেখেছি, যাতে বিশ্বকাপে দলকে সর্বোচ্চ সাহায্য করতে পারি। আমাদের দলে অসাধারণ কিছু খেলোয়াড় আছে। এখানে কেউ কাউকে এক ইঞ্চি জায়গাও সহজে ছেড়ে দেয় না। টিকে থাকতে হলে নিজের সেরা ফর্মে থাকতে হয়।

ভবিষ্যৎ নিয়ে খুব বেশি ভাবছেন না বলেও জানিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। ক্লাব, জাতীয় দল এবং ব্যক্তিগত পর্যায়ে প্রায় সব বড় অর্জনই তার ঝুলিতে রয়েছে। তাই এখন থেকে পাওয়া প্রতিটি সাফল্যকে তিনি বাড়তি প্রাপ্তি হিসেবে দেখছেন।

মেসির ভাষায়, ঈশ্বরকে ধন্যবাদ, ক্লাব, জাতীয় দল ও ব্যক্তিগত পর্যায়ে সব গুরুত্বপূর্ণ অর্জন করার সৌভাগ্য আমার হয়েছে। তাই এখন থেকে যা কিছু আসবে, সবই আমার কাছে বোনাস।

এদিকে বিশ্বকাপের প্রথম ম্যাচগুলো শেষে প্রকাশিত ফিফার অফিসিয়াল পাওয়ার র‍্যাংকিংয়েও শীর্ষস্থান দখল করেছেন মেসি। আলজেরিয়ার বিপক্ষে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে ফিফার তথ্যভিত্তিক মূল্যায়নে আক্রমণভাগে ১০ এর মধ্যে ৮.১৩ রেটিং পেয়ে সবার ওপরে অবস্থান করছেন তিনি। 

আরও পড়ুন

কাতার বিশ্বকাপ জয়ের পরও থেমে যাননি মেসি। বয়সের বাধা পেরিয়ে এখনো মাঠে নিজের জাদু ছড়িয়ে যাচ্ছেন। তবে ২০৩০ বিশ্বকাপে না খেলার ঘোষণা দিয়ে তিনি ইঙ্গিত দিয়েছেন, বর্তমান বিশ্বকাপই হতে পারে তার বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ অধ্যায়।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission