কোরআন মুখস্থ করে ইমাম হতে চান মরক্কোর মাজরাউই

আরটিভি নিউজ

রোববার, ২১ জুন ২০২৬ , ১০:৫৬ পিএম


কোরআন মুখস্থ করে ইমাম হতে চান মরক্কোর মাজরাউই
নুসাইর মাজরাউই। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের মাঝেই চমকে দেওয়ার মতো মন্তব্য করলেন মরক্কোর ডিফেন্ডার নুসাইর মাজরাউই। বয়স মাত্র ২৮, ইংল্যান্ডের বিখ্যাত ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি ২০২৮ সাল পর্যন্ত। ক্লাব ও জাতীয় দল, দুই জায়গাতেই এখনো গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবু বিশ্বকাপের পর ফুটবল ছাড়ার ইঙ্গিত দিলেন তিনি।

মরক্কোর দ্বিতীয় ম্যাচের পর মাজরাউয়ের মার্চের একটি সাক্ষাৎকার আবার ছড়িয়ে পড়ে যেখানে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে মাজরাউই বলেছেন, বিশ্বকাপের পর তিনি অবসর নেওয়ার সিদ্ধান্তও নিতে পারেন। তার লক্ষ্য কোরআন মুখস্থ করা এবং একদিন মসজিদের ইমাম হওয়া।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের প্রতিবেদনে মাজরাউইয়ের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, জীবন ছোট, তাই তিনি কোরআন মুখস্থ করতে চান এবং একদিন মসজিদের ইমাম হতে চান। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, বিশ্বকাপের পর ক্যারিয়ার শেষ করার সিদ্ধান্তও নিতে পারেন।

এই মন্তব্য ঘিরেই ফুটবল দুনিয়ায় আলোচনা শুরু হয়েছে। কারণ মাজরাউই এখনো ক্যারিয়ারের শেষ প্রান্তে নন। ২৮ বছর বয়স একজন ডিফেন্ডারের জন্য অভিজ্ঞতার সময়, বিদায়ের নয়। বিশেষ করে তিনি এখনো ম্যানচেস্টার ইউনাইটেডের মতো বড় ক্লাবের খেলোয়াড় এবং মরক্কো জাতীয় দলের নিয়মিত সদস্য।

তবে মাজরাউইয়ের কথাকে সরাসরি অবসরের ঘোষণা হিসেবে দেখার সুযোগ নেই। তিনি নিশ্চিত করে বলেননি, বিশ্বকাপ শেষ হলেই ফুটবল ছাড়বেন। বরং তার কথায় ভবিষ্যৎ পরিকল্পনা ও ব্যক্তিগত ভাবনার ইঙ্গিত আছে। ফুটবল ক্যারিয়ারের পর জীবন কীভাবে কাটাতে চান, সেটিও তিনি স্পষ্ট করেছেন।

আরও পড়ুন

মাজরাউই মরক্কোর হয়ে এই বিশ্বকাপেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি মূলত রাইটব্যাক হলেও প্রয়োজন অনুযায়ী লেফটব্যাকেও খেলতে পারেন। মরক্কোর বর্তমান দলটিতে রক্ষণে আশরাফ হাকিমি ও মাজরাউইয়ের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ, মাঝমাঠে আছেন সোফিয়ান আমরাবাত, আর আক্রমণে ব্রাহিম দিয়াসদের ওপর ভরসা করছে দলটি।
মাজরাউইয়ের ক্যারিয়ার শুরু আয়াক্সে। নেদারল্যান্ডসে জন্ম নেওয়া এই মরক্কান ডিফেন্ডার আয়াক্সের একাডেমি থেকে উঠে আসেন এবং ২০১৮ সালে ক্লাবের মূল দলে অভিষেক হয়। এরপর ২০২২ সালে যোগ দেন বায়ার্ন মিউনিখে। ২০২৪ সাল থেকে তিনি খেলছেন ম্যানচেস্টার ইউনাইটেডে।

ক্লাব ফুটবলে আয়াক্স, বায়ার্ন ও ইউনাইটেড, তিন বড় মঞ্চেই খেলার অভিজ্ঞতা আছে মাজরাউইয়ের। জাতীয় দলের হয়েও তিনি ২০২২ বিশ্বকাপে মরক্কোর ঐতিহাসিক সেমিফাইনাল অভিযানের অংশ ছিলেন। আফ্রিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে মরক্কো, আর সেই দলের অন্যতম পরিচিত মুখ ছিলেন তিনি।

তাই তার এমন মন্তব্য স্বাভাবিকভাবেই আলোড়ন তুলেছে। ফুটবলারেরা অনেক সময় ক্যারিয়ারের শেষ দিকে ধর্মীয়, পারিবারিক বা ব্যক্তিগত জীবনের পরিকল্পনা নিয়ে কথা বলেন। কিন্তু মাজরাউইয়ের ক্ষেত্রে বয়স ও বর্তমান অবস্থান বিষয়টিকে আলাদা গুরুত্ব দিচ্ছে। তিনি এখনো শীর্ষ পর্যায়ের ফুটবলে সক্রিয় এবং সামনে কয়েক বছর খেলার সুযোগ তার আছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission