ব্রাজিল-নরওয়ে ম্যাচ জিতবে কে, জানাল ‘জ্যোতিষী’ বিড়াল!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৫ জুলাই ২০২৬ , ০২:১৭ পিএম


ব্রাজিল-নরওয়ে ম্যাচ জিতবে কে, জানাল ‘জ্যোতিষী’ বিড়াল!
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ম্যাচের ফলাফল নিয়ে ধারাবাহিকভাবে সঠিক ভবিষ্যদ্বাণী করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় এসেছে ‘জ্যোতিষী’ বিড়াল মিলু। একের পর এক নিখুঁত পূর্বাভাস মিলে যাওয়ায় ফুটবলপ্রেমীদের কাছে এখন বেশ পরিচিত নাম এটি। যদিও শনিবার (৪ জুলাই) আর্জেন্টিনা ও কেপ ভার্দের মধ্যকার ম্যাচে প্রথমবারের মতো তার একটি পূর্বাভাস ভুল প্রমাণিত হয়েছে, তবুও ব্রাজিল ও নরওয়ের হাইভোল্টেজ ম্যাচকে ঘিরে আবারও নতুন ভবিষ্যদ্বাণী দিয়েছে মিলু।

মিলুর গণনা অনুযায়ী, রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে ব্রাজিল।

এবারের বিশ্বকাপে ব্রাজিলের প্রতিটি ম্যাচের ফল নিয়ে মিলুর আগের সব পূর্বাভাস সঠিক ছিল। ফলে সেলেসাও সমর্থকদের অনেকেই এই পোষ্য বিড়ালটির পছন্দের ওপর বেশ আস্থা রাখতে শুরু করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ব্রাজিলিয়ান সমর্থক লিখেছেন, ‘জাপানের বিপক্ষে ম্যাচে ব্রাজিল পিছিয়ে পড়লেও আমি মিলুর ওপর বিশ্বাস রেখেছিলাম। শেষ পর্যন্ত সেটাই সত্যি হয়েছে। এবারও তার ভবিষ্যদ্বাণী মিলবে বলে আশা করছি।’

আরও পড়ুন

মিলুর মালিক নাতান পিনহেইরো জানিয়েছেন তার এই জ্যোতিষী বিড়ালের অভিনব পদ্ধতির কথা। ম্যাচের আগে তিনি দুটি একই ধরনের বাটিতে খাবার রাখেন। প্রতিটি বাটির পেছনে মুখোমুখি দুই দলের পতাকা লাগানো থাকে। এরপর মিলুকে ছেড়ে দেওয়া হলে সে যে বাটি থেকে খাবার খাওয়া শুরু করে, সেই দলকেই সম্ভাব্য বিজয়ী হিসেবে ধরে নেওয়া হয়।

তবে মিলুর এই ভবিষ্যদ্বাণী নিয়ে ফুটবল মহলে সমালোচনাও কম নেই। অনেকের অভিযোগ, মালিক নাতান ইচ্ছাকৃতভাবে বিড়ালটিকে নির্দিষ্ট একটি বাটির দিকে পরিচালিত করেন। তবে এমন অভিযোগ বরাবরের মতোই অস্বীকার করেছেন নাতান। তিনি পুরো প্রক্রিয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে দাবি করেছেন, এতে কোনো ধরনের কারসাজির সুযোগ নেই এবং মিলুই সম্পূর্ণ নিজের পছন্দে বিজয়ী দল নির্বাচন করে।

শনিবারের ম্যাচে প্রথমবারের মতো মিলুর ভবিষ্যদ্বাণী ভুল হলেও ব্রাজিল ও নরওয়ে ম্যাচে তার নতুন পূর্বাভাস কতটা ফলে, সেটিই এখন দেখার অপেক্ষা। যদি মিলুর কথা আবারও সত্যি প্রমাণিত হয়, তবে ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে এই ‘জ্যোতিষী’ বিড়ালটির জনপ্রিয়তা যে আরও এক ধাপ বাড়বে, তা বলাই বাহুল্য।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission