রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রকে দলে ভেড়াতে বড় ধরনের পরিকল্পনা করছে ইংলিশ ক্লাব আর্সেনাল। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, রিয়ালের সঙ্গে তার নতুন চুক্তির অগ্রগতি না হওয়ায় পরিস্থিতির ওপর নজর রাখছে গানাররা। চুক্তি নবায়ন না হলে আগামী বছরের জুনে ফ্রি ট্রান্সফারে ক্লাব ছাড়তে পারেন এই তারকা, যদিও তার আগেই তাকে বিক্রি করার সুযোগ বিবেচনা করতে পারে স্প্যানিশ জায়ান্টরা।
দ্য টেলিগ্রাফ-এর প্রতিবেদনে বলা হয়েছে, ভিনিসিয়ুসকে দলে টানতে ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ বেতনের প্রস্তাব দিতে প্রস্তুত আর্সেনাল। বর্তমানে রিয়াল মাদ্রিদে তিনি প্রতি সপ্তাহে প্রায় ৪ লাখ ৭০ হাজার ইউরো বেতন পান। লন্ডনের ক্লাবটি এর চেয়েও বেশি বেতনের প্রস্তাব দিতে পারে, যা তাকে আর্সেনালের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার বানাবে।
অন্যদিকে, ভিনিসিয়ুসকে ছাড়তে মোটা অঙ্কের ট্রান্সফার ফি দাবি করেছে রিয়াল মাদ্রিদ। সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের জন্য অন্তত ১৬০ মিলিয়ন ইউরো (১৩৭ মিলিয়ন পাউন্ড) চায় স্প্যানিশ ক্লাবটি।
স্প্যানিশ সংবাদপত্র স্পোর্ত জানিয়েছে, এই ট্রান্সফার সম্পন্ন করতে হলে আর্সেনালকে নতুন ব্রিটিশ ট্রান্সফার রেকর্ড গড়তে হবে। বর্তমানে ইংলিশ ফুটবলের সবচেয়ে ব্যয়বহুল ট্রান্সফারের রেকর্ডটি আলেক্সান্দার আইসাকের, যাকে ১২৫ মিলিয়ন পাউন্ডে নিউক্যাসল ইউনাইটেড থেকে লিভারপুলে যোগ করানো হয়েছিল। ফলে ভিনিসিয়ুসকে কিনতে আর্সেনালকে বর্তমান রেকর্ডের চেয়ে ১২ মিলিয়ন পাউন্ড বেশি ব্যয় করতে হতে পারে।
তবে এখন পর্যন্ত ভিনিসিয়ুসের ভবিষ্যৎ নিয়ে রিয়াল মাদ্রিদ বা আর্সেনালের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তাই বিষয়টি আপাতত গুঞ্জনের পর্যায়েই রয়েছে।
আরটিভি/এসকে



