নিজেদের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে। সিয়াটলে অনুষ্ঠিত ম্যাচে দাপুটে পারফরম্যান্সে যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বেলজিয়াম। শেষ আটে ইউরোপের দলটির প্রতিপক্ষ স্পেন।
ম্যাচ শুরুর আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগান। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে লাল কার্ড দেখায় নিয়ম অনুযায়ী তার এক ম্যাচ নিষিদ্ধ থাকার কথা ছিল। তবে শাস্তি স্থগিত হওয়ায় তিনি বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামার সুযোগ পান। বিষয়টি ঘিরে বিতর্ক তৈরি হলেও মাঠের খেলায় কোনো প্রভাব রাখতে পারেননি এই ফরোয়ার্ড।
শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বেলজিয়াম। নবম মিনিটে নিকোলাস রাসকিনের পাস থেকে চার্লস ডি কেটেলারা সহজ ফিনিশে দলকে এগিয়ে দেন। ৩১তম মিনিটে মালিক টিলম্যানের ফ্রি-কিক হান্স ফানাকানের মাথায় লেগে দিক পরিবর্তন করে জালে জড়িয়ে গেলে আত্মঘাতী গোলে সমতায় ফেরে যুক্তরাষ্ট্র।
তবে সেই সমতা স্থায়ী হয় মাত্র দুই মিনিট। ৩৩তম মিনিটে লিয়ান্দ্রো ত্রোসারের নিখুঁত ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় গোল করেন ডি কেটেলারা। প্রথমার্ধ শেষ হয় বেলজিয়ামের ২-১ ব্যবধানে এগিয়ে থেকে।
দ্বিতীয়ার্ধে যুক্তরাষ্ট্রের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান আরও বাড়ায় বেলজিয়াম। ৫৭তম মিনিটে গোলরক্ষক ম্যাট ফ্রিজের ভুল থেকে বল দখল করে ডি কেটেলারা, তার পাস থেকে প্রায় ৩৫ গজ দূর থেকে দারুণ শটে ৩-১ করেন হান্স ফানাকান।
যোগ করা সময়ের তৃতীয় মিনিটে রক্ষণভাগের আরেকটি ভুলের সুযোগ নিয়ে রোমেলু লুকাকুকে বল বাড়ান ফানাকান। অভিজ্ঞ এই স্ট্রাইকার সহজ ফিনিশে ম্যাচের শেষ গোলটি করে বেলজিয়ামের ৪-১ গোলের জয় নিশ্চিত করেন।
ম্যাচজুড়ে আক্রমণ, মাঝমাঠ ও রক্ষণ তিন বিভাগেই আধিপত্য দেখায় বেলজিয়াম। জোড়া গোল করেন চার্লস ডি কেটেলারা, একটি গোল ও একটি অ্যাসিস্ট করেন হান্স ফানাকান, আর শেষ মুহূর্তে গোল করেন রোমেলু লুকাকু।
অন্যদিকে বিতর্কের পর মাঠে নামলেও পুরো ম্যাচে বেলজিয়ামের সুসংগঠিত রক্ষণভাগের বিপক্ষে কার্যকর কোনো প্রভাব রাখতে পারেননি ফোলারিন বালোগান।
এই জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বেলজিয়াম। শেষ আটে লস অ্যাঞ্জেলেসে স্পেনের বিপক্ষে মাঠে নামবে তারা। সেই ম্যাচে জয় পেলেই সেমিফাইনালে জায়গা করে নেবে ইউরোপের দলটি।
আরটিভি/এসকে



