মিশরের মুখোমুখি হওয়ার আগে স্কালোনির বার্তা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ০৯:৪৮ এএম


মিশরের মুখোমুখি হওয়ার আগে স্কালোনির বার্তা
লিওনেল স্কালোনি। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের নকআউট পর্বে একের পর এক অঘটনের মধ্যেই শেষ ষোলোর লড়াইয়ে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মিশরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলেছেন, এবারের বিশ্বকাপে কোনো দলকেই নিরঙ্কুশ শিরোপার দাবিদার বলা যাচ্ছে না।

মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় ডালাসে শেষ ষোলোর ম্যাচে মিশরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, চলতি আসরে সব দলের জন্যই সমান চ্যালেঞ্জ তৈরি হয়েছে। অতীতের অনেক বিশ্বকাপের মতো এবার কোনো দল ধারাবাহিকভাবে নিজেদের আধিপত্য দেখাতে পারেনি।

স্কালোনির বক্তব্যের পেছনে রয়েছে টুর্নামেন্টজুড়ে ঘটে যাওয়া একাধিক অপ্রত্যাশিত ফল। ব্রাজিল, পর্তুগাল, জার্মানি ও নেদারল্যান্ডসের মতো শক্তিশালী দল বিদায় নিয়েছে প্রত্যাশার আগেই। অন্যদিকে ফ্রান্স, স্পেন এবং আর্জেন্টিনাকেও নকআউটে জয় পেতে কঠিন পরীক্ষা দিতে হয়েছে।

আর্জেন্টিনা রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দের বিপক্ষে নির্ধারিত সময়ে সমতা থাকার পর অতিরিক্ত সময়ে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে। একইভাবে ফ্রান্স প্যারাগুয়েকে হারিয়েছে পেনাল্টি থেকে পাওয়া একমাত্র গোলে, আর স্পেন পর্তুগালের বিপক্ষে জয় পেয়েছে যোগ করা সময়ে।

স্কালোনি বলেন, আগে বিশ্বকাপে চার-পাঁচটি দলকে সহজেই শিরোপার প্রধান দাবিদার হিসেবে চিহ্নিত করা যেত। কিন্তু এবার কাগজে-কলমে যেসব দলকে ফেভারিট ধরা হয়েছিল, তারা এখনো প্রত্যাশিত মানের পারফরম্যান্স দেখাতে পারেনি।

এই অবস্থার কারণ হিসেবে তিনি খেলোয়াড়দের ক্লান্তি, দীর্ঘ ক্লাব মৌসুম, ভ্রমণ, গরম আবহাওয়া, মাঠের অবস্থা এবং ঘাসের মানের কথা উল্লেখ করেন। তার মতে, এসব বিষয় মিলিয়ে দলগুলোর জন্য নিজেদের সেরা ফুটবল খেলাটা কঠিন হয়ে উঠেছে।

আরও পড়ুন

তবে নিজেদের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট আর্জেন্টিনা কোচ। তিনি বলেন, টানা চার ম্যাচে জয় অবশ্যই ইতিবাচক দিক। কিন্তু নকআউট পর্বে ভুলের কোনো সুযোগ নেই। তাই প্রতিটি ম্যাচের পর উন্নতির জায়গাগুলো চিহ্নিত করে আরও ভালো ফুটবল খেলতে হবে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission