নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। শিরোপা নির্ধারণী এই ম্যাচকে ঘিরে উত্তেজনার পারদ যখন তুঙ্গে, তখন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির পরিবার পড়েছে এক ভিন্ন ধরনের আবেগঘন পরিস্থিতিতে। কারণ, তার স্ত্রী ও সন্তানদের সঙ্গে পরিবারের বড় একটি অংশের শিকড় স্পেনে।
ফাইনালের আগে সংবাদ সম্মেলনের পূর্বে মিক্সড জোনে স্কালোনি জানান, তার স্ত্রী এলিসা মন্তেরো স্প্যানিশ হলেও তিনি ও তাদের সন্তানরা আর্জেন্টিনার পক্ষেই থাকবেন।
স্কালোনি বলেন, আমার স্ত্রী ও বাচ্চারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবে। যদিও আমার স্ত্রী স্প্যানিশ, সে ভালোভাবে জানে আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি এবং আমি কীরকম ভুগছি। আমার সন্তানরা আরও ভালোভাবে জানে।
২০০৮ সালে স্পেনের মায়োর্কায় প্রথম পরিচয় হয় স্কালোনি ও এলিসা মন্তেরোর। সে সময় ইতালির লাজিও থেকে ধারে মায়োর্কা ক্লাবে খেলতে গিয়েছিলেন স্কালোনি। পরে তাদের সংসারে জন্ম নেয় দুই ছেলে ইয়ান (২০১২) ও নোয়া (২০১৬)। দুজনেরই জন্ম মায়োর্কায় হওয়ায় তারা জাতীয়তায় স্প্যানিশ।
তবে বাবার পথচলা ও আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে তাদের ঘনিষ্ঠতার কারণে ইয়ান ও নোয়া বরাবরই আর্জেন্টিনাকে সমর্থন করে আসছে। ২০২২ কাতার বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকা জয়ের পর বাবার সঙ্গে মাঠে নেমে শিরোপা উদযাপন করতেও দেখা গিয়েছিল তাদের।
তবে স্কালোনির স্ত্রীর পরিবারের জন্য পরিস্থিতি সহজ নয়। তাদের বেশিরভাগ সদস্যই স্পেনে থাকেন এবং স্বাভাবিকভাবেই নিজেদের দেশের সাফল্য দেখতে চাইবেন।
এ প্রসঙ্গে আর্জেন্টাইন কোচ বলেন, মায়োর্কাতে তাদের পরিবার আছে, নিশ্চয় তারা দ্বিধান্বিত। তাদের জন্য এটা কঠিন পরিস্থিতি। আমি বুঝতে পারছি। কিন্তু যাই হোক, তারা খুশি হবে।
বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা ও স্পেনের এই লড়াই তাই স্কালোনির পরিবারের জন্যও এক আবেগঘন অধ্যায়। একদিকে জন্মভূমির টান, অন্যদিকে পরিবারের একজনের নেতৃত্বে শিরোপার লড়াই ফাইনালের ফল যাই হোক, পরিবারের কোনো না কোনো অংশের মুখে হাসি ফুটবেই।
আরটিভি/এসকে



