বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৩ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। আগামী আগস্টে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) অংশ।
দীর্ঘদিন পর চোট কাটিয়ে দলে ফিরেছেন অধিনায়ক প্যাট কামিন্স, পেসার জশ হ্যাজলউড এবং অভিজ্ঞ অফস্পিনার নাথান লায়ন। তাদের প্রত্যাবর্তনে আবারও একসঙ্গে দেখা যাবে অস্ট্রেলিয়ার ভয়ংকর পেস ত্রয়ী কামিন্স, হ্যাজলউড ও মিচেল স্টার্ককে।
অ্যাকিলিসের চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন ৩৫ বছর বয়সী হ্যাজলউড। অন্যদিকে হ্যামস্ট্রিংয়ের ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন লায়ন।
এই তিন তারকার ফেরায় সর্বশেষ সিরিজে সুযোগ পাওয়া পেসার মাইকেল নেসার ও ব্রেন্ডন ডগেট স্কোয়াড থেকে বাদ পড়েছেন। ব্যাটিং বিভাগে নিয়মিতদের ওপরই আস্থা রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ইনিংস উদ্বোধনে ট্রাভিস হেডের সঙ্গী হবেন অ্যাশেজে অভিষিক্ত ওপেনার জ্যাক ওয়েদারাল্ড।
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে ১৩ আগস্ট ডারউইনে। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২২ আগস্ট ম্যাকাইয়ে।
অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেন, নাথান লায়ন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, জ্যাক ওয়েদারাল্ড ও বো ওয়েবস্টার।
আরটিভি/এসকে



