২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপার স্বপ্ন ভেঙেছে আর্জেন্টিনার। সেই হতাশা কাটিয়ে আবারও নতুন মিশনের প্রস্তুতি নিচ্ছেন লিওনেল স্কালোনির শিষ্যরা। বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই সমর্থকদের সবচেয়ে বড় প্রশ্ন ছিল আর্জেন্টিনা আবার কবে মাঠে নামবে?
আন্তর্জাতিক ফুটবল সূচি অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ফিফার আন্তর্জাতিক উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তবে এখনো প্রতিপক্ষ, ভেন্যু এবং ম্যাচের নির্দিষ্ট তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
বিশ্বকাপ-পরবর্তী সময়ে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি আর্জেন্টিনা শিবিরে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে প্রধান কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ। চলতি বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে তার বর্তমান চুক্তি। ফাইনালের পর স্কালোনি জানিয়েছেন, নিজের ভবিষ্যৎ নিয়ে তিনি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে আলোচনা করবেন।
ফাইনালের পর সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত দেখা যায় স্কালোনিকে। একপর্যায়ে কান্না আটকে রাখতে না পেরে তিনি সংবাদ সম্মেলন শেষ না করেই বেরিয়ে যান। যাওয়ার আগে তিনি বলেন,আমি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলব। আমি কী করতে চাই সে সম্পর্কে আমার একটি ধারণা আছে। আমি চুক্তিটি পূরণ করব, এরপর দেখা যাবে। সত্যি বলতে, বিষয়টি নিয়ে আমাকে ভাবতে হবে। আমি জানি না, আমি এত বড় দায়িত্ব আরও নিতে পারব কি না। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য এবং এই পদে থাকার সুযোগ করে দেওয়ার জন্য আমি প্রেসিডেন্টের কাছে কৃতজ্ঞ।
বিশ্বকাপ শেষ হওয়ার পরপরই স্কালোনি ও তাপিয়ার বৈঠক হবে বলে ধারণা করা হয়েছিল। তবে আপাতত সেই সম্ভাবনা নেই। টুর্নামেন্ট শেষে কোচিং স্টাফ ও ফুটবলারদের কয়েক দিনের বিশ্রাম দেওয়া হবে। এরপর সেপ্টেম্বরের আন্তর্জাতিক উইন্ডোতে জাতীয় দল একত্রিত হলে বহুল আলোচিত সেই বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ফলে সেপ্টেম্বরে শুরু হওয়া আন্তর্জাতিক বিরতি আর্জেন্টিনার জন্য দ্বিমুখী গুরুত্ব বহন করছে। একদিকে আলবিসেলেস্তেরা মাঠে ফিরবে দুটি প্রীতি ম্যাচ দিয়ে, অন্যদিকে স্কালোনি-তাপিয়া বৈঠকের মাধ্যমে জাতীয় দলের কোচিং স্টাফের ভবিষ্যৎ নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। তাই এখন সমর্থকদের চোখ শুধু আসন্ন প্রীতি ম্যাচ নয়, আর্জেন্টিনার ভবিষ্যৎ পরিকল্পনার দিকেও।
আরটিভি/এসকে



