নারী অধিকার আন্দোলনের উদ্যোগে ‘যুগে যুগে সমাজ বিনির্মাণে মহীয়সী নারী’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পরিকল্পনা কমিশনের অবসরপ্রাপ্ত ডিভিশন চিফ মমতাজ মাননানের সভাপতিত্বে শনিবার (৯ আগস্ট) রাজধানীর ধানমন্ডির ওমেন্স ভলেন্টারি অ্যাসোসিয়েশনে এই আলোচনা সভা হয়।
অনুষ্ঠানে আলোচক ছিলেন নারী অধিকার আন্দোলনের সাহিত্য-সংস্কৃতি ও গবেষণা বিভাগের সম্পাদক ড. সাজেদা হোমায়রা, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের কনসালট্যান্ট ডা. তাহেরা বেগম, ঢাকা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান প্রফেসর ডা. নাঈমা মোয়াযযম, উপদেষ্টা অ্যাডভোকেট শাহানারা স্বপ্না, নারী অধিকার আন্দোলনের সহসভানেত্রী ও লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক আফিফা মুশতারী এবং সেক্রেটারি নাজমুন নাহার।
উদ্বোধনী বক্তব্যে মমতাজ মাননান বলেন, বর্তমান সময়ে অনেক নারী সেলিব্রেটিদের অনুসরণ করলেও মুসলিম ইতিহাসের অসংখ্য অনুকরণীয় নারীর জীবন ও কর্ম অজানা থেকে যাচ্ছে। তাদের অনুপ্রেরণা থেকে শিক্ষা নিতে হবে।
আলোচনায় নুসাইবা বিনতে কাব (রা.), রুফাইদা আসলামিয়া, খাওলা বিনতে আজওয়ার ও জায়নাব বিনতে আলীর বীরত্ব, কর্মদক্ষতা ও সমাজসেবামূলক অবদান তুলে ধরা হয়।
বক্তারা বলেন, ইতিহাসের এসব মহীয়সী নারীরা সাহস, ত্যাগ ও নৈতিক দৃঢ়তার উজ্জ্বল দৃষ্টান্ত, যা বর্তমান প্রজন্মের নারীদের জন্য অনুসরণীয়।
সমাপনী বক্তব্যে নাজমুন নাহার বলেন, শিক্ষা ব্যবস্থায় মুসলিম মহীয়সীদের অবদান অন্তর্ভুক্ত না থাকায় নতুন প্রজন্ম তাদের সম্পর্কে জানছে না। তিনি জুলাই বিপ্লবে নারীদের ব্যাপক অংশগ্রহণের প্রসঙ্গ টেনে বলেন, প্রয়োজন হলে নারীরাও রাজপথে বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম।
আরটিভি/আরএ





