অস্ত্র হাতে ছিনতাইয়ের ভিডিও ভাইরাল, ধরা পড়লো লোমহর্ষক দৃশ্য

আরটিভি নিউজ

সোমবার, ২৬ মে ২০২৫ , ০৪:৪২ এএম


অস্ত্র হাতে ছিনতাইয়ের ভিডিও ভাইরাল, ধরা পড়লো লোমহর্ষক দৃশ্য
ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজার এলাকায় দিনের আলোতে প্রকাশ্যে অস্ত্র হাতে ছিনতাইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওটি প্রকাশের পর পুলিশ জড়িতদের খুঁজতে শুরু করেছে।

বিজ্ঞাপন

রোববার (২৫ মে) এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এর আগে, গত ১৮ মে ভোর ৫টা ২০ মিনিটের দিকে রাজধানীর মগবাজারের গ্রীনওয়ে রোডে এ ঘটনা ঘটে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, গ্রীনওয়ে রোডের একটি গলি দিয়ে কালো রঙের প্যান্ট ও সাদা টি-শার্ট পড়ে কাঁধে ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছিলেন ভুক্তভোগী ওই যুবক। ওই সময় হঠাৎ ৩ যুবক মোটরসাইকেলে করে এসে তার সামনে থামে। এরপর দ্রুতই তাদের মধ্যে দুইজন দেশীয় অস্ত্র উঁচিয়ে ওই যুবকের গতিরোধ করে তার কাঁধে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

বিজ্ঞাপন

ঘটনার সময় একজন দেশীয় অস্ত্র দিয়ে ওই যুবকের মাথায় আঘাত করতে থাকেন এবং অপর একজন তার হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নেন। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে তার পকেটে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়া হয়। পরে দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যাওয়ার সময় ওই যুবক বাধা দেয়ার চেষ্টা করলে ছিনতাইকারীদের একজন তার পায়ে কোপ দেয়।

পরবর্তীতে সেই যুবক মোটরসাইকেলের সামনে এসে ছিনতাইকারীদের জিনিসপত্র ফিরিয়ে দেওয়ার অনুরোধ করলে আবারও তাকে লক্ষ্য করে ধারালো অস্ত্র উঁচিয়ে কয়েকটি কোপ দেয় ছিনতাইকারীরা।

বিজ্ঞাপন

ঘটনার প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানিয়েছেন, ছিনতাইয়ের ওই ঘটনাটি তার বাড়ির সামনেই ঘটেছে এবং এটি সত্য ঘটনা। ঘটনার সময় সেই যুবকের কাছে থাকা ১৭ হাজার টাকা ও ২টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা।

তবে ঘটনার এক সপ্তাহ পরও ভুক্তভোগী থানায় কোনো অভিযোগ করেননি বলে জানিয়েছেন হাতিরঝিল থানার ওসি মো. রাজু।

বিজ্ঞাপন

তিনি বলেন, যে ব্যক্তি ছিনতাইয়ের শিকার হয়েছেন, তিনি বা তার পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ যোগাযোগ করেননি। আমরা ভিকটিমকে খুঁজে বের করার চেষ্টা করছি। এরই মধ্যে ভিডিওর সূত্র ধরে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

পুলিশ জানতে পেরেছে, ভুক্তভোগীর নাম মো. আব্দুল্লাহ। তার গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বারে।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission