রাজধানীর ধানমন্ডিতে সুধাসদনের পেছনের লেক থেকে ওমর ফারুক (১৮) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৫ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে লেকে অচেতন অবস্থায় ওই তরুণের শরীর ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন। পরে ধানমন্ডি থানা পুলিশ পৌনে নয়টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
পুলিশ জানায়, নিহত ওমর ফারুক হাজারীবাগ বউবাজার ট্যানারি মোড় এলাকার আব্দুল কুদ্দুস মোল্লার ছেলে।
পরিবারের বরাত দিয়ে ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মো. খলিলুর রহমান বলেন, সকালে খবর পেয়ে ধানমন্ডি-৫ নম্বর রোডে নায়রী রেস্টুরেন্টের পাশে লেক থেকে ওমর ফারুকের মরদেহ উদ্ধার করা হয়। পরিবার জানিয়েছে তিনি বেকার ছিলেন। এসব নিয়ে শুক্রবার দুপুরে মায়ের সঙ্গে রাগারাগি হয় তার। ওইদিন বিকেল ৩টার দিকে খাবার খেয়ে বাসা থেকে বেরিয়ে যান ওমর৷ এরপর আর বাসায় ফেরেননি। পরিবার সদস্যরা ভেবেছিলেন, কোনো বন্ধুর বাসায় ছিলেন।
এসআই খলিলুর আরও বলেন, সাঁতার জানত না ওমর। কীভাবে তার মৃত্যু হয়েছে তা জানার জন্য তদন্ত চলছে। এছাড়া ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু মারমা বলেন, মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা—তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।
আরটিভি/এসএইচএম/এস




