ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের সামনে প্রাইভেটকারের ধাক্কায় আনুমানিক ৭০ বছর বয়সী অজ্ঞাতনামা এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় দ্রুত তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে বলেন, ‘আজ সকালের দিকে কামরান মোল্লা নামে এক প্রাইভেটকারচালক তাদের বাসার অসুস্থ ম্যানেজারকে হাসপাতালে নিয়ে আসছিলেন। এ সময় পুলিশ ক্যাম্পের সামনে অসাবধানতাবশত অজ্ঞাতনামা মানসিক ভারসাম্যহীন ওই নারীকে ধাক্কা দিয়ে নিচে ফেলে জরুরি বিভাগের পার্কিংয়ে গাড়িটি থামান। আশেপাশের লোকজন বিষয়টি লক্ষ্য করে চিৎকার করলে ওই গাড়ির চালক দ্রুত ওই নারীকে জরুরি বিভাগে নিয়ে যান। পরে পরীক্ষা–নিরীক্ষা শেষে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক বৃদ্ধা নারীকে মৃত ঘোষণা করেন।’
তিনি আরও বলেন, এ ঘটনায় গাড়ির চালক ঢামেক পুলিশ ক্যাম্পে আটক রয়েছেন। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
আরটিভি/আইএম



