বছরের শেষ দিকে আসছে স্মিথের দল!

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

বুধবার, ১৯ এপ্রিল ২০১৭ , ০৩:৪৩ পিএম


বছরের শেষ দিকে আসছে স্মিথের দল!

চলতি বছরের শেষ ভাগে বাংলাদেশ সফর করবে অস্ট্রেলিয়া। এমনটাই আশাবাদ জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।

মঙ্গলবার বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

চলতি বছরের শুরুতেই ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড জানিয়েছিলেন বাংলাদেশে আসছে অজিরা। 

আগস্ট-সেপ্টেম্বরে সিরিজটির হবার সম্ভাবনা থাকলেও এর সূচী নির্ধারণ করেনি দু’বোর্ড। 

নিজাম উদ্দিন চৌধুরী জানান, ‘এ বছরের শেষ ভাগে আসছে দলটি। ঢাকায় দুটি টেস্ট খেলানোর বিষয়ে আশাবাদি তারা।’

তিনি বলেন, আমরা সিরিজের সময়সূচী নিয়ে কাজ করছি। এছাড়া সিরিজটি নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে বিস্তারিত আলোচনা চলছে। 

এদিকে অস্ট্রেলিয়ান বোর্ডের এক মুখপাত্রের বরাতে ক্রিকেট অস্ট্রেলিয়া.কম জানায়, খেলোয়াড়দের নিরাপত্তাই হচ্ছে সবচে’ প্রধান বিষয়। 

তিনি বলেন, আমরা বাংলাদেশ সফরে আশাবাদি। আর এ নিয়ে বিসিবির সঙ্গে কাজ করছি। তবে ক্রিকেটারদের নিরাপত্তা বিষয়টির প্রাধান্যই আমাদের কাছে বেশি। 

অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশন (অ্যাসিয়ো), ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড (ডিএফএটি) ও আমাদের বোর্ডের নিরাপত্তা উপদেষ্টাদের তথ্যের উপর ভিত্তি করেই আমরা সফর করি বলে যোগ করেন তিনি।

২০১৫ সালের অক্টোবরে বাংলাদেশ এসে টেস্ট খেলার কথা ছিল স্টিভেন স্মিথের দলের। নিরাপত্তা শঙ্কায় শেষ মুহূর্তে সফর স্থগিত করে সেদেশের সরকার। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার প্রতিশ্রুতি দেয়া হলেও আসেনি তারা।

একই ঝুঁকির কথা উল্লেখ করে গেলো বছরের শুরুতে বাংলাদেশে হওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও দল পাঠায়নি অস্ট্রেলিয়া। সফলভাবেই শেষ হয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।

২০০৬ সালে দু’ম্যাচ টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফর করে অস্ট্রেলিয়ার দল। এর পর আর কোনো টেস্ট ম্যাচ খেলতে বাংলদেশ আসেনি তারা। সবশেষ ২০১১ সালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এসেছিল তারা।

ওয়াই/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission