সিএমপির সব থানার জিডি হবে সার্ভিস সেন্টারেই 

চট্টগ্রাম সংবাদদাতা, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২২ , ০৪:৪৮ পিএম


সিএমপির সব থানার জিডি হবে সার্ভিস সেন্টারেই 
সিএমপি সার্ভিস সেন্টার

পুলিশের সেবাকে মানুষের কাছে সহজে পৌঁছে দিতে চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ বাদামতলী মোড়ে চালু হয়েছে ‘সিএমপি সার্ভিস সেন্টার’। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সার্ভিস সেন্টারের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার (সিএমপি) সালেহ্ মোহাম্মদ তানভীর।

সিএমপির সূত্রে জানা গেছে, মোবাইল এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হারানো সংক্রান্ত সিএমপির সকল থানার সাধারণ ডায়েরি (জিডি) এখানে লিপিবদ্ধ করা যাবে। জিডির আবেদনটি অনলাইনে সংশ্লিষ্ট থানায় প্রেরণ পূর্বক থানা কর্তৃক জিডি রেকর্ড হওয়ার পর পুনরায় থানা থেকে অনলাইনে সার্ভিস সেন্টারে পাঠানো হবে এবং সার্ভিস সেন্টার থেকে সেই জিডির কপি আবেদনকারীকে দেওয়া হবে।

এছাড়াও সার্ভিস সেন্টারে ট্রাফিক পুলিশের সঙ্গে সম্পর্কিত যেকোন মামলার জরিমানা গ্রহণ করা হবে। ট্রাফিক পুলিশ কর্তৃক মামলার কারণে জব্দকৃত কাগজপত্রাদি যানবাহনের মালিককে দেওয়া হবে। জিডি করা এবং ট্রাফিকের মামলা সংক্রান্ত সেবা পাওয়ার জন্য সেবা প্রার্থীকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র এবং তার নিজের নামে নিবন্ধিত মোবাইল নম্বর সঙ্গে আনতে হবে। প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সার্ভিস সেন্টারে সেবা দেওয়া হবে।

আগ্রাবাদ গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা হওয়ায় এখানে অনেক মানুষ বিভিন্ন কাজে আসেন। সিএমপির সার্ভিস সেন্টারে এসে তারা উল্লেখিত সেবাসমূহ সহজেই গ্রহণ করতে পারবেন। পর্যায়ক্রমে চট্টগ্রাম মহানগরীর আরও কয়েকটি স্থানে এরূপ সার্ভিস সেন্টার স্থাপন করা হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission