ঝড় দেখে স্বামীকে ফোন, স্ত্রীর মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১৮ মে ২০২৫ , ০৪:৫২ পিএম


ঝড় দেখে স্বামীকে ফোন, স্ত্রীর মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ঝোড়ো বাতাস ও বৃষ্টির সময় একটি বটগাছ ভেঙে পড়ে চায়ের দোকানে থাকা শাপলা বেগম (৩৮) নামে এক নারী নিহত হয়েছেন। তবে ঘটনার সময় চা দোকানি স্বামী খোকা মিয়া (৫০) না থাকায় প্রাণে রক্ষা পেয়েছেন। শনিবার রাত ৯টায় রাখালবুরুজ ইউনিয়নের পীরপল বাজারে এ ঘটনা ঘটে। 

রোববার (১৮ মে) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার এসআই হারুন অর রশীদ।

নিহত শাপলা বেগম পীরপল গ্রামের বাসিন্দা চা দোকানি খোকা মিয়ার দ্বিতীয় স্ত্রী।

স্থানীয়রা জানান, রাতে নিজেদের চা দোকানে কাজ করছিলেন শাপলা বেগম। এ সময় তার স্বামী খোকা বাজারের বাইরে ছিলেন। হঠাৎ আকাশ খারাপ দেখে তাকে ফোন করে তাড়াতাড়ি আসতে বলেন শাপলা। এরপরই প্রচণ্ড বাতাসের সঙ্গে বজ্রবৃষ্টি শুরু হয়। একপর্যায়ে দোকানের ওপরে থাকা একটি পুরনো বটগাছ ভেঙে পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় শাপলা বেগমের। পরে স্বামী খোকা এসে গাছের নিচে চাপা পড়া স্ত্রীকে মৃত দেখতে পান।

দুর্ঘটনার খবর পেয়ে পীরপল বাজারে ঘটনাস্থল যান গোবিন্দগঞ্জ থানার এসআই হারুন অর রশীদ, রাখালবুরুজ ইউপি চেয়ারম্যান হাসানুর রহমান চৌধুরী ডিউক ও ইউপি সদস্য রেজাউল করীম।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার এসআই হারুন অর রশীদ বলেন, ঝড়ের সময় চায়ের দোকানের ভেতর শাপলা বেগম ছিলেন। সে সময় পুরোনো বটগাছ ভেঙে এ দুর্ঘটনা ঘটে। 

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission