নারায়ণগঞ্জে অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ, নিহত ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২২ জুন ২০২৫ , ০৩:৫৫ এএম


নারায়ণগঞ্জে অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ, নিহত ১
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার হাজারীবাগ এলাকায় অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে সাবেক ২ কাউন্সিলরের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আব্দুল কুদ্দুস (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

শনিবার (২১ জুন) রাত সাড়ে ৯টায় এ বন্দর শাহী মসজিদ এলাকায় এ সংঘর্ষ হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দর রেললাইন অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে গত কয়েক দিন ধরে সাবেক কাউন্সিলর আবুল কাওসার আশা গ্রুপের সঙ্গে আরেক সাবেক কাউন্সিলর হান্নান সরকারের লোকজনের দ্বন্দ্ব চলছিল। শুক্রবার এ নিয়ে দুপক্ষের সংঘর্ষে ৮ জন আহত হন। শনিবার রাতে হান্নান সরকারের গ্রুপের বাবু-মেহেদীর নেতৃত্বে আশা গ্রুপের জাফর-রনির ওপর হামলা চালানো হয়। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। 

এর একপর্যায়ে হান্নান গ্রুপের লোকজন আশা গ্রুপের আব্দুল কুদ্দুসকে কুপিয়ে গুরুতর আহত করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার জেরে আশা গ্রুপ সাবেক কাউন্সিলর হান্নান সরকারের বাসায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে। এ সময় পুলিশ তাদের বাধা দিতে গেলে তারা পুলিশের ওপর চড়াও হয়। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে। 

এ বিষয়ে সাবেক কাউন্সিলর হান্নান সরকার বলেন, এর সঙ্গে আমি জড়িত নই। একটি পক্ষ ষড়যন্ত্রমূলকভাবে আমাকে জড়িয়ে বদনাম করার চেষ্টা করছে। আমার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। 

সাবেক কাউন্সিলর আবুল কাওসার আশা বলেন, বাবু, মেহেদী, রনি ও জাফর সবাই একসময় একসঙ্গে চলাফেরা করতো। কিন্তু সম্প্রতি অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জের বন্দর থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, এখানে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে। 

তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী রয়েছে।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission