আগামী নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক ধারা পুনরুদ্ধারে একটি সুযোগ: কবীর আহমেদ

ব্রাহ্মণবাড়িয়া (কসবা) প্রতিনিধি , আরটিভি নিউজ

শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ , ০৪:৫৯ পিএম


আগামী নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক ধারা পুনরুদ্ধারে একটি সুযোগ: কবীর আহমেদ
আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া। আরটিভি ছবি

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই–বাছাই শেষে তার প্রার্থিতার বৈধতা নিশ্চিত করা হয়। মনোনয়নপত্র বৈধ হওয়ার খবর ছড়িয়ে পড়লে আদালত প্রাঙ্গণে সমবেত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা দেয়।

বৈধতা পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কবীর আহমেদ ভূইয়া বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক ধারা পুনরুদ্ধারে একটি সুযোগ। প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তিনি বলেন, ম্যাডামের অভাব পূরণ হওয়ার নয়, তবে তার আদর্শ ও দেশপ্রেমকে পাথেয় করে এই শোককেই আমাদের শক্তিতে রূপান্তর করতে হবে।

আরও পড়ুন

নিজের নির্বাচনী এলাকা নিয়ে কবীর আহমেদ ভূইয়া তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, কসবা ও আখাউড়ার মানুষের জন্য একটি সুস্থ, সহনশীল এবং ভীতিমুক্ত রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করাই হবে তার প্রধান কাজ। এলাকার বেকারত্ব দূরীকরণ এবং অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর প্রতিশ্রুতি দেন এই বিএনপি নেতা। তিনি বিশ্বাস করেন, জনগণের নিঃস্বার্থ ভালোবাসা ও আস্থাই নির্বাচনে তার জয়ের মূল শক্তি হবে।

কবীর আহমেদ ভূইয়ার মনোনয়নপত্র বৈধ হওয়ার সময় জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দীন সরকার তুহিন, কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখর উদ্দীন আহমেদ খান এবং আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আবদুসহ যুবদল, ছাত্রদল ও মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী এসময় উপস্থিত থেকে শ্লোগানে শ্লোগানে এলাকা মুখরিত করে তোলেন।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission