টয়লেটে যাওয়ার কথা বলে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইসমে আজম খান ওরফে সোহাগ (৩৬) নামের এক আসামি পালিয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে টয়লেটে যাওয়ার কথা বলে তিন পুলিশ সদস্যের নজরদারি এড়িয়ে তিনি পালিয়ে যান। পলাতক সোহাগ চাঁদপুর শহরের বাসিন্দা।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে চাঁদপুর শহরের বিষ্ণুদী মাদরাসা রোড এলাকা থেকে স্থানীয় জনতা চোর সন্দেহে সোহাগকে আটক করে গণপিটুনি দেয়। এরপর ৯৯৯-এ সংবাদ পেয়ে এসআই স্বপন নন্দীর নেতৃত্বে পুলিশ তাকে উদ্ধারের পর আটক করে। এ ঘটনায় সদর মডেল থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়।
পরে আহত অবস্থায় চিকিৎসার জন্য তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশি পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আসামি সোহাগ প্রস্রাবের কথা বলে কৌশলে ফাঁকি দিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহম্মেদ বলেন, সিডিএমএস পর্যালোচনায় দেখা গেছে, পালিয়ে যাওয়া আসামির নামে চাঁদপুর সদর মডেল থানায় একাধিক মামলা রয়েছে।
তিনি আরও বলেন,আসামিকে পুনরায় গ্রেপ্তারে আমাদের অভিযান চলমান রয়েছে এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
আরটিভি/এমআই




