দেশব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশে প্রথমবারের মতো এই নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে গণভোট। উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি আসনে একটানা চলেছে ভোটগ্রহণ। এখন চলছে ভোট গণনা পর্ব।
এরই মধ্যে বিভিন্ন কেন্দ্র থেকে ভোট গণনা শেষে আসতে শুরু করেছে ফল। বেসরকারিভাবে বেশ কিছু আসনের ফলাফলও ঘোষণা হয়ে গেছে ইতোমধ্যে। এরই ধারাবাহিকতায় এবার পাওয়া গেছে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের ফল।
আসনটিতে বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শাহজাহান চৌধুরী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে তিনি পান ১ লাখ ৮১ হাজার ৬১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নাজমুল মোস্তফা আমীন পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৩৮৯ ভোট।
গত ১৩ নভেম্বর বিতর্কিত এক মন্তব্য করে তীব্র সমালোচনার জন্ম দিয়েছিলেন শাহজাহান চৌধুরী। সেদিন সাতকানিয়া উপজেলার তুলাতলী এলাকায় এক জনসভায় তিনি বলেছিলেন, খবরদার, খবরদার, আমি শাহজাহান চৌধুরী। আমাকে যারা চিনে না, তারা এখনো মাটির নিচে বসবাস করে...। আমার জন্য আল্লাহ আছে। আল্লাহর মেহেরবানি, সূর্য আমার জন্য দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তাআলা আমাকে এ রকম মর্যাদা দিয়েছেন। আপনারা দোয়া করবেন।
আরটিভি/এসএইচএম





