কক্সবাজারের চকরিয়ায় মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রূপম কান্তি দে (৪২) হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন। সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার হারবাং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
রূপম কান্তি দে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কদমতলী গ্রামের মৃত হরিপদ দের ছেলে। তিনি চকরিয়া থানার আওতাধীন হারবাং পুলিশ ফাঁড়িতে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, উপপরিদর্শক মোফাজ্জল হোসেনের নেতৃত্বে একটি দল হারবাং এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার আসামি জুনায়েদকে আটক করেন। পরে স্টেশনে অবস্থানকালে রূপম কান্তি দে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাকে দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। একই সময় এসআই মোফাজ্জল হোসেনও অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মাদকবিরোধী অভিযানে হামলার শিকার হয়ে এএসআইর মৃত্যু হয়েছে এবং সহকর্মী আহত হয়েছেন, এমন দাবি ছড়িয়ে পড়ে। তবে চকরিয়া থানা ও জেলা পুলিশ এই দাবিকে নাকচ করেছে।
চকরিয়া থানার ওসি মনির হোসেন বলেন, হামলার কোনো তথ্য পাওয়া যায়নি। মৃত রূপম কান্তি দে আগেও দুবার স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরাও ঘটনাস্থলে কোনো হামলার চিহ্ন দেখেননি। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মিনহাজুল ইসলাম জানান, মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
আরটিভি/এসকে




