জামালপুরের সরিষাবাড়ীতে জামাই ও শ্বশুরবাড়ির পক্ষের মধ্যে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এ সময় নিহতের মরদেহ দেখে স্ট্রোক করে মঞ্জু মিয়া নামে আরও একজনের মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোলভিটি পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন সোহেল রানা (৩২) ও মঞ্জু মিয়া (৪২)। তারা দুজনেই ওই গ্রামের বাসিন্দা।
জানা গেছে, প্রায় তিন মাস আগে ডোলভিটি গ্রামের লিটন মিয়ার মেয়ে শিলা আক্তারের সঙ্গে চাপারকোনা গ্রামের রনি মিয়ার বিয়ে হয়। এরপর থেকেই দুই পরিবারের মধ্যে নানা বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। গত সোমবার রাতে রনি মিয়া কয়েকজনকে নিয়ে স্ত্রীকে নিতে শ্বশুরবাড়িতে গেলে মেয়ের বাবা বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। মারামারি থামাতে গেলে লাঠির আঘাতে ঘটনাস্থলেই সোহেল রানার মৃত্যু হয়। পরে তার মরদেহ দেখে প্রতিবেশী মঞ্জু মিয়া নামে একজন স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়লে সেখানেই তার মৃত্যু হয়।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া গণমাধ্যমকে জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা করার বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।
আরটিভি/এমএইচজে



