কুমিল্লায় ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার (১৩ এপ্রিল) রাত তিনটার দিকে জেলার দাউদকান্দি উপজেলার হাসানপুরে এ দুর্ঘটনা ঘটে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরিন আক্তার জানান, প্রাথমিকভাবে নিহতদের দাফন-কাফনের জন্য ২৫ হাজার ও আহতদের চিকিৎসার জন্য ১৫ হাজার টাকা করে প্রত্যেকের পরিবারকে সহায়তা দেওয়া হবে।
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় চট্টগ্রামমুখী লেনে একটি চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সাতজন নিহত হন এবং আহত হন আরও ছয়জন।
নিহতদের মরদেহ উদ্ধার করে দাউদকান্দি হাইওয়ে থানায় রাখা হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, নিহতরা সবাই দিনমজুর হিসেবে কর্মরত ছিলেন। তারা কম ভাড়ায় ট্রাকে করে কাজের সন্ধানে চট্টগ্রামে যাচ্ছিলেন।
আরটিভি/এমএস/এমএইচজে




