চট্টগ্রামের ফটিকছড়িতে একটি মুরগির খামার থেকে রতন ত্রিপুরা (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) রাতে উপজেলার সুন্দরপুর ইউনিয়ন-এর ২ নম্বর ওয়ার্ডের টাইগার ক্লাব এলাকায় সজিব মাস্টারের মুরগির খামারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি এলাকার বাসিন্দা রতন ত্রিপুরা দীর্ঘ তিন বছর ধরে ওই খামারে কর্মরত ছিলেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে খামারের মালিক সজিব মাস্টার বাসা থেকে তার জন্য খাবার নিয়ে খামারে গেলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মুজিব মেম্বার বলেন, রতন ত্রিপুরা দীর্ঘদিন ধরে ওই খামারে কাজ করছিলেন। রাতে বিষয়টি সজিব মাস্টার আমাকে জানালে আমি পুলিশকে খবর দিই।
এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম বলেন, ঝুলন্ত অবস্থায় এক মুরগির খামার কর্মচারির মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
আরটিভি/এমএম




