চিকিৎসায় সুস্থ হাতি লোকালয়ে খুঁজে নিয়েছে ঠিকানা

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ০৯:০৮ পিএম


চিকিৎসায় সুস্থ হাতি লোকালয়ে খুঁজে নিয়েছে ঠিকানা
ছবি: সংগৃহীত

রাঙামাটির লংগদুতে এক অনন্য মানবিকতার নজির সৃষ্টি হয়েছে। অসুস্থ অবস্থায় লোকালয়ে আশ্রয় নেওয়া একটি বুনো হাতি দীর্ঘ এক মাসের চিকিৎসায় সুস্থ হয়ে উঠলেও এখন আর অরণ্যের গহীনে ফিরে যেতে চাচ্ছে না। গ্রামবাসীর মমতা আর বন বিভাগের সেবায় হাতিটি যেন মানুষের সঙ্গেই মিতালীতে মেতেছে।

ঘটনাটি ঘটেছে লংগদু উপজেলার ভাসান্যাদম ইউনিয়নের একটি গ্রামে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে একটি বুনো হাতি পাহাড় থেকে অসুস্থ অবস্থায় লোকালয়ে নেমে আসে। হাতিটির পায়ে গুরুতর জখম থাকায় সেটি হাঁটতে পারছিল না। বিষয়টি নজরে আসার পর এলাকাবাসী আতঙ্কিত না হয়ে বরং মানবিক সহায়তায় এগিয়ে আসে এবং তাৎক্ষণিক বন বিভাগকে খবর দেয়।

খবর পেয়ে বন বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাতিটির চিকিৎসা শুরু করেন। দীর্ঘ এক মাস ধরে নিবিড়ভাবে সেবা করার পর হাতিটি এখন অনেকটাই সুস্থ। তবে বিস্ময়ের ব্যাপার হলো, শারীরিক সুস্থতা পাওয়ার পর হাতিটিকে কয়েকবার পাহাড়ের গহিন অরণ্যে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও সে বারবার লোকালয়ে ফিরে আসছে।

স্থানীয়রা জানান, এই এক মাসে গ্রামবাসীর সেবা আর যত্নে হাতিটি মানুষের প্রতি বিশ্বাস ও ভালোবাসা গড়ে তুলেছে। বুনো স্বভাব ছেড়ে সেটি এখন অনেকটা শান্ত আচরণ করছে এবং লোকালয় ছেড়ে যেতে অনীহা প্রকাশ করছে। অরণ্যের বিশালতা ছেড়ে মানুষের সান্নিধ্যে থাকার এই বিরল দৃশ্য এখন পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

আরও পড়ুন

বন বিভাগ ও এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় একটি বন্য প্রাণীর প্রাণরক্ষা এবং প্রাণিটির এমন আচরণ বন্য প্রাণী ও মানুষের মধ্যকার সংঘাত নিরসনে এক নতুন উদাহরণ হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission