অপহরণের ঘণ্টাখানেক পর থানায় হাজির ৩ তরুণী, ঘটনা কী

ঈশ্বরদী প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ০৫:১৪ পিএম


অপহরণের ঘণ্টাখানেক পর থানায় হাজির ৩ তরুণী, ঘটনা কী
ছবি: আরটিভি

পাবনার ঈশ্বরদীতে ইজিবাইকে রাশিয়ান নাগরিকদের সঙ্গে থাকা তিন বাংলাদেশি তরুণীকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে ঘটনার প্রায় এক ঘণ্টা পর অপহৃত ওই তিন তরুণীকে ছেড়ে দেয় দুর্বৃত্তরা। পরে ওই তরুণীরা থানায় গিয়ে আশ্রয় নেয়।

রোববার (২৬ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে উপজেলার ঈশ্বরদী-কুষ্টিয়া সড়কের (আইকে রোড) মানিকনগর ‘ল্যাংড়ার দোকান’ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ইজিবাইকে কয়েকজন রাশিয়ান নাগরিক ওই তিন তরুণীকে সঙ্গে নিয়ে ঈশ্বরদীর দিক থেকে যাচ্ছিলেন। পথিমধ্যে ল‍্যাংড়ার দোকান মোড়ে পৌঁছালে হঠাৎ একদল যুবক ইজিবাইকের গতিরোধ করে। পরে তারা জোরপূর্বক তিন তরুণীকে গাড়ি থেকে নামায়। এরপর তাদের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত একটি গাড়িতে তুলে নিয়ে চলে যায়।

আরও পড়ুন

তবে অপহরণের প্রায় এক ঘণ্টা পর ওই তিন তরুণী ঈশ্বরদী থানায় উপস্থিত হয়ে পুলিশকে জানায়, অপহরণকারীরা তাদের ছেড়ে দিয়েছে। তাদের কোনো ক্ষতি হয়নি। মোবাইল ফোনগুলোও ফেরত পেয়েছে তারা। এ ঘটনায় তারা অভিযোগ দাখিল করতে অনাগ্রহ প্রকাশ করে। কিন্তু অপহরণকারী যুবকদের পরিচয় কিংবা অপহৃত তরুণীদের নাম-পরিচয় জানা যায়নি। রাশিয়ান নাগরিকদের সঙ্গে তরুণীদের থাকার বিষয়টি নিয়েও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, ঘটনার কিছু সময় পর তিন তরুণী নিজেরাই থানায় আসে। তারা জানায়, তাদের কোনো ক্ষতি হয়নি এবং মোবাইল ফোন ফেরত পেয়েছে। নিরাপত্তার স্বার্থে তাদের পরিচয় গোপন রাখা হয়েছে। এ ব‍্যাপারে তারা কোনো অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব‍্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission