পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কুলে এসে সাইকেল থেকে মাটিতে পড়ে অনুপম রায় (১৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত অনুপম রায় দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপাতা এলাকার রবীন্দ্রনাথ রায়ের মেয়ে এবং দেবীগঞ্জ রিভারভিউ বালিকা উচ্চবিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, অনুপম রায় প্রতিদিনের মতো বাইসাইকেলে করে স্কুল প্রাঙ্গণে এসে সাইকেল থেকে নামার পরপরই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, সকালে অনুপম রায় স্কুলে এসে সাইকেল থেকে নামার সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যায়। আমরা দ্রুত তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. গোপাল চন্দ্র রায় জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
আরটিভি/এমএইচজে




