পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সোলায়মান হক (৩৮) নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিকেল ছয়টার দিকে পঞ্চগড় পৌরসভার আহমদ নগর এলাকায় মিলগেট বাজার-ফুলতলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোলায়মান হক বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের সদ্দারপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে। তিনি পঞ্চগড় আইনজীবী সমিতির সদস্য বলেও জানা গেছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম দুর্ঘটনায় নিহতের বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করে বলেন, পঞ্চগড় থেকে মোটরসাইকেলে নিজ বাড়ি ফিরছিলেন। ফেরার পথে আহমদনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিনি রাস্তায় পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
এদিকে, ঘটনার পরপরই ঘাতক ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। ট্রাকটিকে জব্দ করা ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আরটিভি/এমএম




