ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ৪ কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস করল কাস্টমস

আখাউড়া প্রতিনিধি, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ০২:৫৪ পিএম


ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ৪ কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস করল কাস্টমস
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে জব্দ করা প্রায় চার থেকে তিন কোটি টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় পণ্য ধ্বংস করেছে কাস্টমস কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল থেকে আখাউড়া স্থলবন্দরের কাস্টমস এলাকায় ভেকু (এক্সকেভেটর) দিয়ে গর্ত করে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণে এসব পণ্য ধ্বংস করা হয়।

কাস্টমস সূত্রে জানা গেছে, বিভিন্ন সময়ে অবৈধভাবে আনা এবং শুল্ক ফাঁকি দিয়ে দেশে প্রবেশের সময় জব্দ করা পণ্যগুলো দীর্ঘদিন গুদামে সংরক্ষিত ছিল। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে গঠিত ধ্বংস কমিটির উপস্থিতিতে এসব পণ্য বিনষ্ট করা হয়।

ধ্বংসকৃত পণ্যের মধ্যে প্রায় ৯৫ শতাংশই ছিল ভারতীয় আতশবাজি। এছাড়া জরদা, সিগারেট, কসমেটিকস, পোশাকসহ বিভিন্ন ভোগ্যপণ্যও ছিল। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় তিন থেকে চার কোটি টাকা।

আখাউড়া কাস্টমসের সহকারী কমিশনার মো. আতিকুর রহমান জানান, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে জব্দ করা এসব পণ্যের বেশিরভাগই আমদানি নিষিদ্ধ বা অনুপযোগী। এর মধ্যে আতশবাজি, শাড়ি-লুঙ্গি এবং কিছু মেয়াদোত্তীর্ণ পণ্য রয়েছে। কাস্টমসের ধ্বংস কমিটির মাধ্যমে সেগুলো যথাযথ প্রক্রিয়ায় ধ্বংস করা হয়েছে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, অবৈধ পণ্য আমদানি প্রতিরোধ ও বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। চোরাচালান রোধে নজরদারি জোরদার করা হবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার ফাহাদ আল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার, জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক খালিদ ইবনে সাদেক এবং আখাউড়া কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা সাদরুল হাসান চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission