টাঙ্গাইলের সখীপুরে ঘরের ভেতর থেকে শাকিল (২০) নামে এক নির্মাণশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩ মে) দুপুরে উপজেলার বড়চওনা ইউনিয়নের দেবরাজ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শাকিল দিনাজপুর জেলার খানসামা উপজেলার আংগারপাড়া গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে শাকিল কাজ করতে সখীপুরে যান। দেবরাজ গ্রামের একটি বাড়িতে ৬ জন সহকর্মী নিয়ে ভাড়া থাকতেন তিনি। শাকিল মাত্র চার মাস আগে বিয়ে করেছিলেন।
শ্রমিকদের দলনেতা রাজীব জানান, বেলা সাড়ে ১২টার দিকে শাকিল ঘরের চাবি নিয়ে ভেতরে ঢোকেন। পরে দেড়টার দিকে অন্যান্য শ্রমিকরা খাবার খেতে গিয়ে ঘরের ভেতরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
তিনি বলেন, কাজে আসার পর থেকেই পারিবারিক বিষয় নিয়ে শাকিল ও তার স্ত্রীর মধ্যে মোবাইল ফোনে প্রায়ই ঝগড়া হতো। তবে হঠাৎ করে এত বড় ঘটনা ঘটে যাবে, কল্পনাও করিনি।
স্থানীয় ব্যবসায়ী মতিউর রহমান বকুল বলেন, শ্রমিকরা কিছুদিন ধরে আমার একটি ঘরে ভাড়া থাকছিলেন। দুপুরে খবর পেয়ে এসে এ ঘটনা দেখতে পাই।
৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারা ৬ জন শ্রমিকের ৫ জন আজ কাজে গেলেও, সে অসুস্থতার কথা বলে কাজে যায়নি। তার সহকর্মীদের সঙ্গে কথা বলে ধারণা করা যাচ্ছে, পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটতে পারে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এমএইচজে




