মাগুরায় সামাজিক আধিপত্য বিস্তারে দুপক্ষের মধ্যে সংঘাতের আশংকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুলসংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৬ মে) ভোরে মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে একাধিক বাড়ি থেকে দেশীয় রামদা, ঢাল, সড়কি, টেটা উদ্ধার করা হয়।
স্থানীয় সুত্রে জানা গেছে, কিছুদিন আগে বেরইল পলিতা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ গোলাম আকবর (৬০) তার নিজ এলাকার ভাংগুড়া নামক স্থানে সন্ত্রাসী দ্বারা আহত হন। এ ঘটনার এক বছর আগে তার ছেলেকে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে হত্যা করা হয়। সামাজিক আধিপত্য বিস্তারে এমন ঘটনায় মামলা হলে এলাকায় আরও উত্তেজনা বিরাজ করে। পরে মঙ্গলবার (৫ মে) রাতে অভিযানের পর এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
পুলিশ জানায়, বিএনপির সভাপতি গোলাম আকবারকে আহতের ঘটনায় দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যান্য আসামিদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিক রহমান জানান, কয়েকদিন বেরইল পলিতা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ গোলাম আকবারকে নিজ এলাকাতে নৃশংসভাবে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। এ ঘটনায় মামলা করেছে ভুক্তভোগীর পরিবার। বেশ কিছু দিন ধরে বেরইল পলিতা ইউনিয়নে সাইফুল শিকদার ও আকবার শেখ গ্রুপের মধ্যে সামাজিক আধিপত্য নিয়ে উত্তেজনা বিরাজ করছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সুপারের নির্দেশে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে উভয়পক্ষের বাড়ি থেকে বিপুলসংখ্যক দেশীয় অস্ত্র রামদা, ছ্যানদা, ঢাল, সড়কি, টেটা ইত্যাদি উদ্ধার করা হয়।
আরটিভি/এমএইচজে




