চুয়াডাঙ্গায় কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬ , ১১:১৪ এএম


চুয়াডাঙ্গায় কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ
চুয়াডাঙ্গায় কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ। ছবি: আরটিভি

চুয়াডাঙ্গায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে আলিম উদ্দিন (৫৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৮ মে) রাত ৯টায় চুয়াডাঙ্গা সদরের মানিকডিহি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলিম উদ্দিন একই উপজেলার শংকরচন্দ্র গ্রামের মৃত ঝড়ু মণ্ডলের ছেলে। এ ঘটনায় লিয়াকত আলী নামে একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, শংকরচন্দ্র গ্রামের লিয়াকত আলীর ছেলে আরিফের কাছে ব্যবসার ১৪ লাখ টাকা পান একই গ্রামের গোলাম রসুলের ছেলে জিয়ারুল ইসলাম। দীর্ঘদিন ধরে টাকা পরিশোধের আশ্বাস দিয়েও টাকা পরিশোধ করছিল না আরিফ। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিস বৈঠকও হয়েছে। একই বিষয়ে চেয়ারম্যানের বাড়িতে নতুন করে সালিসের আয়োজন করা হয়।

সালিসে অংশ নিতে জিয়া, তার চাচা আলিম উদ্দিনসহ কয়েকজন চেয়ারম্যানের বাসভবনের সামনে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলযোগে সেখানে আসেন লিয়াকত আলী, তার ছেলে আলামিন ও আরিফের ছেলে আরাফাত। পরে বাকবিতণ্ডার একপর্যায়ে হঠাৎ আলিম উদ্দিনের ওপর অতর্কিত হামলা চালান তারা।

এতে গুরুতর আহত হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। এ ঘটনায় লিয়াকত আলী নামে একজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission