ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ভ্যাট পরিদর্শক সাইফুল ইসলামকে ভুয়া সন্দেহে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাকে উদ্ধার করতে গিয়ে সবুজ মিয়া নামে আরও একজন আহত হয়েছেন।
শনিবার (৯ মে) দুপুরে উপজেলার দূর্গারামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ভ্যাট পরিদর্শক সাইফুল ইসলাম উপজেলার মেসার্স আল্লাহ ভরসা এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানে যান। সেখানে তিনি নিজের ভিজিটিং কার্ড দেখিয়ে প্রতিষ্ঠানের মালিক হাবিবুর রহমানের কাছে ভ্যাটসংক্রান্ত কাগজপত্র দেখতে চান।
ভ্যাট পরিদর্শক নিজের ভিজিটিং কার্ড দেখালেও ব্যবসায়ীর সন্দেহ দূর হয়নি। পরে লোক জড়ো করে ভ্যাট পরিদর্শকের মুঠোফোন ছিনিয়ে নেন এবং একপর্যায়ে তাকে সেখানকার একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধর করেন। এ সময় ভ্যাট পরিদর্শককে বাঁচাতে স্থানীয় মো. সবুজ মিয়া এগিয়ে আসলে হাবিবুর ও তার লোকজন সবুজের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এরপর জড়ো হওয়া লোকজন তাকে মারধর করে গুরুতর আহত করেন। এ সময় সবুজ মিয়া বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয়।
খবর পেয়ে ভ্যাট পরিদর্শককে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন জানান, ভ্যাট পরিদর্শককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এমএইচজে



