আরটিভিতে সংবাদ প্রচার

গরু চুরির ঘটনায় সহযোগীসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

মুন্সীগঞ্জ (পশ্চিম) প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১০ মে ২০২৬ , ১২:৫৫ পিএম


গরু চুরির ঘটনায় সহযোগীসহ যুবলীগ নেতা গ্রেপ্তার
নগদ টাকা ও গরুর পাসহ যুবলীগ নেতা গ্রেপ্তার। ছবি: আরটিভি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে সংখ্যালঘু পরিবারের গরু চুরির ঘটনায় যুবলীগ নেতা সোহেল (৩৭) ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৯ মে) রাতে উপজেলার কেয়াইন ইউনিয়নের হাজীগাঁও এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সোহেল কেয়াইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসরাফিলের ছেলে এবং স্থানীয় যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। অপর আসামি কসাই মকবুল (৩৫) বাসাইল এলাকার মৃত মোকলেস মিয়ার ছেলে।

পুলিশ জানায়, আরটিভিতে সংবাদ প্রচারের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই গরু জবাই করে মাংস বিক্রির সত্যতা পাওয়া যায়। এ সময় কসাইয়ের ফ্রিজ থেকে জবাই করা গরুর চারটি পা উদ্ধার করা হয়। এছাড়া গরু বিক্রির নগদ ৫ হাজার ৬৭৫ টাকা জব্দ করা হয়েছে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল হান্নান জানান, ভুক্তভোগী শুসংকর মন্ডলের লিখিত অভিযোগের ভিত্তিতে সিরাজদিখান ও শ্রীনগর এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

জানা গেছে, গত ৬ মে দুপুরে উপজেলার কেয়াইন ইউনিয়নের ঘোরামারা গ্রামে শুসংকর মন্ডলের একটি লাল রঙের ষাঁড় গরু চুরি হয়। বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ির সামনে থেকে কৌশলে গরুটি নিয়ে যায় চোরচক্র। এ ঘটনায় প্রাপ্ত সিসিটিভি ফুটেজে সোহেলসহ আরও কয়েকজনকে গরু চুরি করতে দেখা যায়।

সিসিটিভি ফুটেজসহ ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ অভিযানে নেমে মূল আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। অভিযানের সময় হাজীগাঁও এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে সোহেলকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে চোরাই গরু বিক্রির টাকা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission