বাবা-মা হারানো দুই শিশুর কষ্টের জীবন নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তাদের সহায়তায় এগিয়ে এসেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তার নির্দেশে শুক্রবার (১৫ মে) সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামে শিশু রায়হান ও রোহানের বাড়িতে যায় ‘আমরা বিএনপি পরিবার’–এর একটি প্রতিনিধিদল।
এদিন দুপুরে প্রতিনিধিদলটি ওই গ্রামে পৌঁছে দুই শিশুর বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেয় এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শিশুদের পড়াশোনার জন্য এককালীন সহায়তার পাশাপাশি স্থায়ীভাবে ‘মাসিক শিক্ষা বৃত্তি’ দেওয়ার ঘোষণা দেওয়া হয়। সংগঠনের সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে ও উপদেষ্টা আবুল কাশেমের উপস্থিতিতে এই সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
৯ বছর বয়সী রায়হান ও ৭ বছর বয়সী রোহান ছোটবেলাতেই বাবাকে হারিয়েছে। চার মাস আগে তাদের মা মারা যাওয়ার পর তারা পুরোপুরি এতিম হয়ে পড়ে। বর্তমানে তারা বৃদ্ধ নানা আজিজুর রহমান ও নানী মালেকা বেগমের সঙ্গে জরাজীর্ণ একটি টিনের ঘরে বসবাস করছে। নানী অন্যের বাড়িতে কাজ করে যা উপার্জন করে, তা দিয়েই কোনো রকমে চলছে তাদের সংসার। অর্থাভাবে শিশু দুটির পড়াশোনাও বন্ধ হয়ে গিয়েছিল।
পরিদর্শন শেষে প্রতিনিধিদলের সদস্যরা জানান, শিশু দুটির খাদ্য, শিক্ষা ও চিকিৎসার পাশাপাশি নিরাপদ আবাসনের বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা, কাজিপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুস সালাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস প্রমুখ।
এর আগে গত চার মাস ধরে পরিবারটির মানবেতর জীবনযাপন নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। এরপরই তিনি তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে শিশু দুটির প্রয়োজনীয় সহায়তা নিশ্চিতের নির্দেশ দেন।
স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন, এখন থেকে এই শিশুদের যাবতীয় দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমান বহন করবেন।
আরটিভি/এআর




