রংপুরে রেকটিফায়েড স্পিরিট পান করে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
সোমবার (১ জুন) সকালে মিঠাপুকুর উপজেলার বালারহাট ইউনিয়নের বালারহাট এলাকায় এ মৃত্যুর ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন- সরকারি গুচ্ছ গ্রামের বাসিন্দা আব্দুল সাত্তার (৬৫) ও সংগ্রামপুর গ্রামের হুজুর আলী (৫৫)।
বালারহাট ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য সুজা মিয়া দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (৩১ মে) রাতের কোনো এক সময় তারা রেকটিফায়েড স্পিরিট পান করে নিজ নিজ বাড়িতে চলে যান। আজ সকালে বাড়িতে আব্দুস সাত্তার এবং অপরজন হুজুর আলী হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় সাজু (৫০) নামে একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং এরশাদ আলী (৩০) নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
এ বিষয়ে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ আহমেদ বলেন, মদপানে তাদের মৃত্যু হয়েছে কি-না জানি না। পরিবারের লোকজন বলছে, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। বিষয়টি অধিকর তদন্ত করে দেখা হচ্ছে। আমরা চেষ্টা করছি আইনি প্রক্রিয়া সম্পন্ন করার যাতে মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হয়।
আরটিভি/এমএইচজে



