চট্টগ্রামের ফটিকছড়িতে সিএনজিচালিত রিকশাকে (অটোরিকশা) ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে মোহাম্মদ রবিউল (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (১ জুন) চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পাইন্দং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ রবিউল ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের মোহাম্মদ পাশার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিউল দ্রুত গতিতে একটি অটোরিকশাকে ওভারটেক করার চেষ্টা করছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তিনি পড়ে গিয়ে একটি যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াছিন জানান, ঘটনার পর স্থানীয় জনতা বাসটিকে আটকে রাখে। খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ, সেনাবাহিনী ও হাইওয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করে। পুলিশ বাসটি জব্দ করেছে। রবিউলের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরটিভি/এমএইচজে




