রাজশাহীতে চলন্ত ট্রেন থেকে ইঞ্জিন বিচ্ছিন্ন, অতঃপর...

আরটিভি নিউজ

বুধবার, ০৩ জুন ২০২৬ , ০৫:৩৫ পিএম


রাজশাহীতে চলন্ত ট্রেন থেকে ইঞ্জিন বিচ্ছিন্ন, অতঃপর...
ফাইল ছবি

রাজশাহীতে চলন্ত কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন থেকে একটি অতিরিক্ত ইঞ্জিন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনায় একজন রেলকর্মী আহত হয়েছেন। আহত ওয়েম্যান জাহিদ (৪০) মাথায় গুরুতর আঘাত পেয়ে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (৩ জুন) দুপুর ১টা ১০ মিনিটের দিকে নগরীর নতুন বুধপাড়া রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা যায়, রাজশাহী-খুলনা রুটের কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের পেছনে ঈশ্বরদী থেকে একটি অতিরিক্ত ইঞ্জিন রাজশাহীতে আনা হচ্ছিল। পথে পবা উপজেলার ভরোয়াপাড়া এলাকায় ইঞ্জিনটি ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তবে ট্রেনটি দ্রুতগতিতে চলতে থাকায় বিষয়টি তাৎক্ষণিকভাবে বোঝা যায়নি।

বিচ্ছিন্ন ইঞ্জিনটি নিজ গতিতে কিছু দূর এগিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা এলাকার কাছে গিয়ে থামে। এ সময় কপোতাক্ষ এক্সপ্রেস রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছে যায়। পরে ইঞ্জিনে থাকা লোকোমাস্টার সেটি চালু করে স্টেশনে নিয়ে যান।

গ্যাং-৬-এর ওয়েম্যান সেকেন্দার আলী জানান, বিচ্ছিন্ন ইঞ্জিনটি ট্রেনের একেবারে পেছনে থাকায় আলাদা হয়ে যাওয়ার বিষয়টি চোখে পড়েনি। ট্রেন চলে যাওয়ার পর জাহিদ রেললাইনে ওঠার সময় পেছন থেকে আসা ইঞ্জিনটি তাকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় আঘাত পান। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে তাকে রামেক হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুন

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বলেন, কপোতাক্ষ এক্সপ্রেসের পেছনে যুক্ত একটি অতিরিক্ত ইঞ্জিন ঈশ্বরদী থেকে আনা হচ্ছিল। পথে সেটি কী কারণে বিচ্ছিন্ন হয়ে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission