ময়মনসিংহে পৃথক স্থানে বজ্রপাতে শিক্ষকসহ দুইজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) বেলা সাড়ে ১২টার দিকে মুক্তাগাছা উপজেলার বড়গ্রাম ইউনিয়নের রৌহারচর গ্রামে ও সকাল সাড়ে ১০টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন পাঁচভাগ ইউনিয়নের মধ্য লামকাইন গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মুক্তাগাছা উপজেলার রৌয়ারচর গ্রামের মৃত ইছব আলীর ছেলে খালেকুল আজাদ (৬০) ও গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন পাঁচভাগ ইউনিয়নের মধ্য লামকাইন গ্রামের মৃত রুকন উদ্দিনের ছেলে সিয়াম খান (২৮)। খালেকুল আজাদ স্থানীয় গাবতলী ডিগ্রী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষক খালেকুল আজাদ মুক্তাগাছা পৌর শহরের হৃদয়মোড়ে পরিবার নিয়ে বসবাস করেন। বেলা সাড়ে ১২টার দিকে গ্রামের বাড়ি রৌহারচরে ছিলেন তিনি। এসময় হাঁটাহাঁটি করার একপর্যায়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
অপরদিকে সকালে গফরগাঁওয়ের লামকাইন গ্রামে বাড়ীর আঙিনায় দাড়িয়ে ছিল সিয়াম। এ সময় আকাশ ছিল মেঘাচ্ছন্ন। হঠাৎ করেই বজ্রপাতে সিয়াম গুরুতর আহত হয়। এমতাবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।
এ বিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামও একই বক্তব্য দিয়ে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।
আরটিভি/এসএস



